হাইকোর্ট দেড় লাখ, সুপ্রিম কোর্টে তিন লাখ! নিজের পারিশ্রমিক নিয়ে কী বললেন কল্যাণ?

সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যদের সরকারি মামলা পাইয়ে দেওয়া এবং তার পারিশ্রমিক নিয়ে স্বজনপোষণ ও জনগণের অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে চিঠি দিয়েছেন বিধায়ক আখরুজ্জামান। সাংবাদিক বৈঠকে রঘুনাথগঞ্জের বিধায়ক দাবি করেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতর এবং আন্ডারটেকিং সংস্থাগুলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে মামলা দিতে বাধ্য ছিল। উপরতলা থেকে সরাসরি নির্দেশ আসত বলে অভিযোগ তাঁর। এমনকি, বিভিন্ন দফতরের মন্ত্রীরাও এই বিষয়ে অসহায় বোধ করতেন বলে দাবি করেছেন আখরুজ্জামান।
এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, দলীয় কর্মীদের বহু মামলা তিনি বিনা পারিশ্রমিকে লড়েছেন। সরকার থেকে যে মামলাগুলি আসত, কেবল সেগুলিই গ্রহণ করতেন। নিজের পারিশ্রমিক প্রসঙ্গে কল্যাণ বলেন, ২০২০ সাল থেকে হাইকোর্টে তাঁর অ্যাপিয়ারেন্স ফি দেড় লক্ষ টাকা এবং সুপ্রিম কোর্টে তিন লক্ষ টাকা। সাধারণ মানুষ এবং সরকারের কাছ থেকে একই পরিমাণ পারিশ্রমিক নেন বলে দাবি করেছেন তিনি।
আখরুজ্জামানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে কল্যাণ বলেন, তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে আখরুজ্জামানের কোনও ধারণা নেই। কল্যাণের কথায়, তিনি যখন ডিগ্রি পাশ করেছিলেন, তখন আখরুজ্জামানের জন্মই হয়নি। মনু সিংভির বিরুদ্ধে লড়ে সিঙ্গুরের মামলা জেতা থেকে শুরু করে রিজওয়ানুরের মামলা লড়ার সময় আখরুজ্জামানের বয়স কত ছিল, সে কথাও মনে করিয়ে দেন তিনি। পাশাপাশি ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০১৮ এবং ২০২৩ সালের বিভিন্ন আইনি লড়াইয়ে নিজের সাফল্যের কথাও তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।