হত্যার সুযোগ করে দিতেই সরানো হয়েছিল নিরাপত্তা? বইয়ের আলোচনায় বিস্ফোরক দাবি সোনিয়ার

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ফের পুরনো বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। তাঁর দাবি, রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার কোনও আকস্মিক বা স্বাভাবিক ঘটনা ছিল না; বরং তাঁকে হত্যার পথ প্রশস্ত করতেই পরিকল্পিতভাবে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। নিজের স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ নিয়ে ছেলে রাহুল গান্ধি ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এক আলোচনায় অতীতের সেই ভয়াবহ স্মৃতির কথা তুলে ধরেন তিনি। মাকে সমর্থন করে রাহুল গান্ধিরও দাবি, বাবার নিরাপত্তা প্রত্যাহারের পেছনে নির্দিষ্ট উদ্দেশ্য ছিল।

X-এ শেয়ার করা একটি ভিডিওতে সোনিয়া গান্ধি জানান, নিজের স্মৃতি থেকেই তিনি বইটি লিখেছেন এবং পরে রাহুল ও প্রিয়াঙ্কাও তাঁদের স্মৃতির কথা তাতে যুক্ত করেছেন। এর ফলে পুরনো অনেক ঘটনাই নতুন করে সামনে এসেছে। সোনিয়ার কথায়, তাঁর সন্তানরাই জীবনের সবচেয়ে বড় আনন্দ ও শক্তির উৎস, যদিও রসিকতার সুরে তিনি জানান, তাঁর ধৈর্যের সবচেয়ে বেশি পরীক্ষাও নেন এই দুজন।

ওই আলোচনায় রাজীব গান্ধীর নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা বিস্তারিত জানান সোনিয়া। বিরোধী দলনেতা থাকাকালীন বিভিন্ন রাজ্যে সফরের সময় খোলা জিপে ঘুরতেন রাজীব গান্ধি। সে সময় তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হতো এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলত। বিশেষত বিরোধী দল শাসিত রাজ্যগুলিতে সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন।

সোনিয়া বলেন, “সে ছিল ভয়ঙ্কর এক যাত্রা।” তাঁর অভিযোগ, রাজীব গান্ধীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাঁর সুরক্ষার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেননি। সেই সফরে বাবা রাজীবের সঙ্গে ছিলেন রাহুল গান্ধিও। চোখের সামনে পাথর ছোড়া ও বিক্ষোভের ঘটনা দেখেছিলেন তিনি। সোনিয়ার কথায়, বাড়ি ফিরে রাহুল তাঁকে বলেছিলেন, “মা, বাবার নিরাপত্তা নিয়ে আমরা যদি কিছু না করি, তা হলে আমার মনে হচ্ছে, খুব শীঘ্রই আমাকে তাঁর শেষকৃত্যে যোগ দিতে হবে।”

সোনিয়া জানান, বিহার সফরই ছিল তাঁর উদ্বেগের চূড়ান্ত পর্যায়, যদিও তার আগেও একাধিকবার রাজীব গান্ধীর নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন তিনি। তাঁর বিস্ফোরক অভিযোগ, বাবাকে হত্যা করার জন্যই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। তাঁর কথায়, বাবার নিরাপত্তা প্রত্যাহার কোনও দুর্ঘটনা ছিল না, বরং তাঁকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

X-এ ওই ভিডিও শেয়ার করে রাহুল গান্ধিও বাবার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ওই সিদ্ধান্তে কারও কারও স্বস্তি মিলেছিল, আবার কেউ কেউ আনন্দ পেয়েছিলেন। তাঁর কথায়, বাবার নিরাপত্তা প্রত্যাহারের পিছনে উদ্দেশ্য ছিল এবং ৫০০ পাতারও বেশি বই লেখার পরেও মা এমন কিছু কথা বাদ দিয়েছেন, যা বইয়ে উঠে আসেনি।

রাহুল আরও জানান, তিনি ও প্রিয়াঙ্কা মায়ের সঙ্গে বসে অতীতের ঘটনাগুলি নিয়ে আলোচনা করেছেন। পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে আনন্দ, হাসি এবং সেই সময়ের যন্ত্রণাও নতুন করে অনুভব করেছেন তাঁরা। রাহুলের কথায়, মায়ের ‘Belonging’ যাত্রা অপরিসীম ভালোবাসা ও ট্র্যাজেডিতে ভরা, কিন্তু তিনি সব কিছুর মোকাবিলা করেছেন মর্যাদা ও সাহসের সঙ্গে। পাশাপাশি আলোচনায় ১৯৬৮ সালে ইতালি থেকে ভারতে আসার পর এ দেশের দারিদ্র্য দেখে প্রথম দিকের অভিঘাতের কথাও উঠে আসে।