শিয়ালদহ দক্ষিণ শাখায় নয়া সমস্যা! লুপ লাইনে ধস নামলেও স্বস্তির খবর দিল রেল

শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় ফের পরিকাঠামোগত বিপত্তি সামনে এসেছে। পুরনো একটি নিকাশি নালা ধসে পড়ায় তার উপরে থাকা রেললাইনের একাংশ বসে গিয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নীচের জলের পাইপলাইনও। শিয়ালদহ দক্ষিণ শাখার কাছে এই ঘটনায় নিত্যযাত্রীদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।
জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে কিছুটা এগোলেই রয়েছে বহু বছরের পুরনো একটি নিকাশি নালা। গত রবিবার ওই নালাতেই প্রথম ধস নামে বলে খবর। এরপর গত দু’দিনে পরিস্থিতি আরও খারাপ হয়। নিকাশি নালার একাংশ ভেঙে পড়ায় উপরের রেললাইনের অংশ বসে যায় এবং জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত মেরামতির কাজ শুরু করেছে রেল ও পুরসভা। সোমবার রাত থেকেই দুই পক্ষের যৌথ উদ্যোগে কাজ চলছে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত নিকাশি নালা, জলের পাইপলাইন এবং রেললাইনের অংশ দ্রুত সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
তবে যাত্রীদের জন্য স্বস্তির বিষয় হল, যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি একটি লুপ লাইন। রেল সূত্রে খবর, মূল লাইনে কোনো সমস্যা না থাকায় যাত্রীবাহী ট্রেন চলাচলে এখনও পর্যন্ত কোনো প্রভাব পড়েনি। অফিসযাত্রীদের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে এই ঘটনায় ট্রেন পরিষেবায় কোনো বিঘ্ন ঘটবে না।
ব্যস্ত শিয়ালদহ স্টেশনের কাছে এই ধসের প্রভাব যাতে দৈনন্দিন যাত্রী পরিষেবার উপর না পড়ে, সে দিকেই বিশেষ নজর রাখা হয়েছে। দ্রুত পরিকাঠामो সারিয়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে রেল ও পুরসভা।