শীতের আমেজ ফিরল বঙ্গে! শুক্রের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি নামবে পারদ, কলকাতা কত ডিগ্রিতে?

মঙ্গলবার সকাল থেকেই শহর ও রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এই সময়ে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জানা গিয়েছে, আগামী কয়েকদিন সকালে হালকা কুয়াশা এবং কোথাও কোথাও হালকা ধোঁয়াশা দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকায় ভ্যাপসা অস্বস্তিও ধীরে ধীরে কমবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে।

বর্তমানে গোটা রাজ্য জুড়েই শীতের ছোঁয়া রয়েছে। মঙ্গলবার থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ নামতে থাকবে। দিনের বেলা কিছুটা উষ্ণতার পর বিকেল গড়াতেই ফের শীতের আমেজ টের পাওয়া যাবে।

আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই পর্বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার এই পরিবর্তন চোখে পড়বে। সেখানে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও কমবে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে শীতের আমেজেই দিন কাটছে গোটা বাংলার।