হঠাৎ বন্ধ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং! বিগ বির অসুস্থতার খবরে চরম উদ্বেগ ভক্তমহলে

টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় এবং মেগা হিট রিয়ালিটি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati)। কিন্তু এই মুহূর্তে মেগা এই শোয়ের অনুরাগীদের জন্য উটবেছে এক চিন্তার খবর। আচমকাই আগামী এক সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে কেবিসি-র নতুন পর্বের শুটিং!
ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চনের অসুস্থতার কারণেই নির্মাতারা আপাতত শুটিং ফ্লোরে বিরতি টানতে বাধ্য হয়েছেন।
কেন হঠাৎ বন্ধ শুটিং? কী জানা যাচ্ছে?
খবর অনুযায়ী, কেবিসি-র সেটে কদিন আগেই দুর্ঘটনার কবলে পড়ে পায়ে আঘাত পেয়েছিলেন ‘বিগ বি’। এছাড়া সম্প্রতি নিজের ঘুমের সমস্যার কথাও নিজেই প্রকাশ্যে এনেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। বয়সজনিত শারীরিক ধকল এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সাময়িকভাবে শুটিং বন্ধ রাখা হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগামী ‘রামায়ণ’ ছবির প্রচারে যখন রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবের মতো তারকারা এসেছিলেন, ঠিক সেদিনই শেষ শুটিং হয়েছে। যতদিন না নতুন পর্বের শুটিং শুরু হচ্ছে, ততদিন দর্শকদের পুরনো ও জনপ্রিয় তারকা-পর্বগুলির পুনঃসম্প্রচার দেখতে হবে। বিশেষ করে এই দীপাবলির সপ্তাহেও কেবিসি-র পুরনো বিশেষ এপিসোডগুলিই টিভিতে সম্প্রচারিত হচ্ছে।
কবে থেকে ফের শুরু হবে শুটিং?
দর্শকদের মনে প্রশ্ন জাগছে, কবে নাগাদ আবার সেটে ফিরবেন অমিতাভ বচ্চন? সূত্র মারফত জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে এবং বিগ বির শারীরিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকেই ফের শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে কেবিসি-র। তবে সম্পূর্ণ বিষয়টি এখন নির্ভর করছে তাঁর স্বাস্থ্যের উন্নতির ওপরই। কোটি কোটি মানুষের প্রিয় ‘হস্ট’-এর দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর অনুরাগীরা।