‘স্বার্থের জন্য প্রতিষ্ঠানকে আক্রমণ নয়’, সংবিধান দিবসে কড়া বার্তা প্রধান বিচারপতি সূর্যকান্তর

রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দেশের প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তাঁর মতে, দেশের প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি বিচারবিভাগের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি, যেখানে মতপার্থক্য থাকলেও তা নৈতিক যুক্তির ভিত্তিতে হওয়া উচিত বলে উল্লেখ করেছেন CJI সূর্যকান্ত।
সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত সুপ্রিম কোর্টের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি জানান, যুক্তির প্রতি উন্মুক্ত মনোভাব নিয়ে চলা এবং বিভিন্ন যুক্তি নিয়ে আলোচনা করা বিচারবিভাগের দায়িত্ব, আর সিদ্ধান্ত যেন নৈতিক যুক্তির ওপর ভিত্তি করেই নেওয়া হয়। সাংবিধানিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিচারবিভাগের কর্তৃত্বের ওপর মানুষের আস্থা প্রতিনিয়ত অর্জন করে যাওয়ার কথাও বলেন তিনি।
ভিন্নমত ও আলোচনা প্রসঙ্গে
সাংবিধানিক গণতন্ত্রে মতবিরোধকে দুর্বলতা হিসেবে দেখার পক্ষপাতী নন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তাঁর কথায়, প্রশ্ন তোলা, চ্যালেঞ্জের মুখে দাঁড়ানো এবং ভিন্নমত পোষণ করার ক্ষমতা থাকা দরকার। আত্মবিশ্বাস থাকলে সমালোচনার সামনে দাঁড়িয়ে নাগরিকদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার সামর্থ্য থাকা উচিত, এবং ভিন্নমতকে চ্যালেঞ্জ না ভেবে সততা ও প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে আলোচনায় এগোনো উচিত বলে মত প্রকাশ করেন তিনি।
প্রতিষ্ঠানের সমালোচকদের উদ্দেশেও বার্তা দেন CJI সূর্যকান্ত। তিনি বলেন, প্রতিষ্ঠানের ওপর আক্রমণ যেন রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিগত স্বার্থে চালিত না হয়, এবং নিজের অনুকূলে পরিস্থিতি না গেলেই প্রতিষ্ঠানকে নিশানা করার প্রবণতা থেকে সরে আসা উচিত।
সাধারণ মানুষের কাছে সংবিধানের তাৎপর্য
সংবিধানের প্রকৃত মূল্যায়ন সাধারণ মানুষের কাছে এর গুরুত্বের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তাঁর মতে, সাধারণ নাগরিকের কাছে সংবিধান কেবল কিছু অনুচ্ছেদের সমষ্টি নয়। প্রশাসনিক সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হলে, ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা পেলে, মানুষ কথা বলার সুযোগ পেলে এবং সরকারকে স্বেচ্ছাচারিতা থেকে বিরত রাখা গেলে তবেই সংবিধানের গুরুত্ব অনুভূত হয়।
সীমিত সামর্থ্যের মানুষ যখন বিশ্বাস নিয়ে প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে পারেন যে তাঁর অভিযোগ নিরপেক্ষভাবে শোনা হবে, তখনই সংবিধান তাঁদের কাছে অর্থবহ হয়ে ওঠে বলে উল্লেখ করেন তিনি। দুর্বলের প্রতি কর্তৃপক্ষের আচরণ, নিজের সীমাবদ্ধতা স্বীকার করার সদিচ্ছা এবং ভুল শুধরে নেওয়ার আগ্রহের মধ্য দিয়েই সংবিধানের প্রতি অঙ্গীকার প্রকাশ পায়। সংবিধানের আশ্বাস বাস্তবে কতটা ধরা দেবে, তা প্রতিষ্ঠানগুলি কীভাবে ক্ষমতা প্রয়োগ করছে তার ওপরই নির্ভর করে বলে জানান CJI সূর্যকান্ত।