বন্ধুর ডাকে বেরিয়ে আর ফেরা হল না, ধারালো অস্ত্রের কোপে খুন দর্জি যুবক

বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই বন্ধুদের হাতেই প্রাণ হারাতে হল ২৭ বছরের জিলানি মোল্লা ওরফে রাহুলকে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুনের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার আমিরা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত শামিম মোল্লা ও রাকিবুল মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ পিকেট বসানো হয়েছে এবং গোটা এলাকায় থমথমে পরিবেশ রয়েছে।
কীভাবে ঘটল ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় বাড়িতেই ছিলেন পেশায় দর্জি জিলানি। সেই সময় তাঁর দুই বন্ধু শামিম ও রাকিবুল বাড়িতে এসে তাঁকে ডেকে নিয়ে যান। তাঁদের সঙ্গেই বেরিয়ে যান জিলানি, কিন্তু আর বাড়ি ফেরেননি। কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে ছেলের আক্রান্ত হওয়ার খবর পৌঁছয়।
অভিযোগ, তোফা ও মাদপুর এলাকার কাছে ধারালো অস্ত্র নিয়ে জিলানির ওপর চড়াও হয় দুই বন্ধু। এলোপাতাড়ি কোপে গুরুতর জখম অবস্থায় প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থাতেই পালানোর চেষ্টা করেন তিনি। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, তবে শেষরক্ষা হয়নি। অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জিলানি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এক লক্ষ টাকার লেনদেন ঘিরে জল্পনা
এই ঘটনার পেছনে এক লক্ষ টাকা লেনদেনের বিষয়টি সামনে এসেছে। মৃতের বাবা ইসমাইল মোল্লা জানান, জিলানি তাঁর বড় ছেলে এবং অভিযুক্তদের কাছে এক লক্ষ টাকা পেত। কয়েকদিন ধরেই সেই টাকা চাইছিল সে। বুধবার রাতে শামিম ও রাকিবুল ডাকতেই তাদের সঙ্গে বেরিয়ে যায় এবং পরে মর্মান্তিক খবর আসে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ছেলের মৃত্যু হয় বলে জানান তিনি এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলেন।
মৃতের স্ত্রী ফিরোজা বিবি বলেন, তাঁর স্বামী দর্জির কাজ করতেন এবং বুধবার সন্ধ্যায় বাড়িতেই ছিলেন। শামিম ও রাকিবুল ডাকতে এলে তিনি তাদের সঙ্গে বেরিয়ে যান। পরে ঘটনার খবর পান ফিরোজা বিবি এবং স্বামীকে নৃশংসভাবে খুনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।
তদন্তে পুলিশ
ডায়মন্ড হারবারের এসডিপিও গৌরব ঘোষ জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এক লক্ষ টাকার লেনদেনের বিরোধই এই খুনের কারণ নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।