বকুলতলায় এসইউসিআই-কে মিটিংয়ের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট, বদলে গেল স্থান

বকুলতলা থানা এলাকায় সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির তরফে ২৯ নভেম্বর কিল্লা দুর্গানগর মোড়ে মিটিং করার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল। এর আগে ৩ নভেম্বর বকুলতলা থানায় আবেদন করা হলেও পুলিশ কোনও সাড়া দেয়নি বলে অভিযোগ।
বৃহস্পতিবার পুলিশের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, পুলিশের প্রস্তাব অনুযায়ী বকুলতলা থানার অন্তর্গত লোকালহাট মার্কেট রোড এলাকায় সভা করা যাবে। কিল্লা দুর্গানগর মোড় অত্যন্ত ব্যস্ত এলাকা হওয়ায় সেখানে সভা করতে দেওয়া হয়নি। ২৯ নভেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ৪৫০ জন সমর্থক নিয়ে এই সভা করা যাবে।
আদালতের কড়া শর্ত
সভায় কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি আগে থেকেই দলের ৫ জন স্বেচ্ছাসেবকের নাম পুলিশকে জানাতে হবে। সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই জায়গা ফাঁকা করে দিতে হবে এবং সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বকুলতলা থানার ওসিকে।
কী নিয়ে জটিলতা?
এসইউসিআই-এর পক্ষ থেকে ২৯ নভেম্বর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিল্লা দুর্গানগর মোড়ে ৭০০ জন কর্মী-সমর্থক নিয়ে সভার অনুমতি চাওয়া হয়েছিল। দীর্ঘদিন পুলিশের তরফে কোনও উত্তর না মেলায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয় দলটি।
এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বকুলতলা থানার লিখিত বক্তব্য আদালতে জমা দেন। সেখানে জানানো হয়, কিল্লা দুর্গানগর মোড় অত্যন্ত ব্যস্ত হওয়ায় সেখানে সভা হলে যানজট তৈরি হতে পারে। বিকল্প হিসেবে অন্য একটি স্থানের প্রস্তাব দিয়ে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৫০ জন সমর্থক নিয়ে সভার কথা বলা হয়েছিল।
আদালত দেখে, কাঙ্ক্ষিত জায়গা থেকে পুলিশের প্রস্তাবিত বিকল্প স্থান খুব দূরে নয়। সেই কারণেই লোকালহাট মার্কেট রোডে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ৪৫০ জন কর্মী-সমর্থককে নিয়ে সভার অনুমতি মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট।