স্নায়ুর যুদ্ধ! চুঁচুড়া আদালত থেকে পাসপোর্ট অফিস— সর্বত্র বোমাতঙ্কের ইমেইল, নেপথ্যে কি ডার্ক ওয়েব?

পশ্চিমবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে দফায় দফায় বোমাতঙ্কের ইমেইল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চুঁচুড়া আদালত, কলকাতার একাধিক কোর্ট থেকে শুরু করে জেলাস্তরের পাসপোর্ট সেবা কেন্দ্র— বাদ যাচ্ছে না কিছুই। এই ইমেইলগুলোর উৎস খুঁজতে গিয়ে এবার রাজ্য পুলিশের হাতে এল বিস্ফোরক কিছু তথ্য। প্রাথমিক তদন্তে উঠে আসছে ডার্ক ওয়েব (Dark Web) এবং উন্নত মানের VPN ব্যবহারের যোগসূত্র।

তদন্তে স্পেশাল টিম: রাজ্য পুলিশের সাইবার সেল এবং একটি বিশেষ তদন্তকারী দল (SIT) যৌথভাবে এই ঘটনার কিনারা করতে নেমেছে। চুঁচুড়া আদালতে আসা ইমেইলটির ভাষা এবং প্যাটার্ন বিশ্লেষণ করে গোয়েন্দারা মনে করছেন, এটি কোনো সাধারণ ব্যক্তির কাজ নয়। প্রেরক নিজের পরিচয় এবং অবস্থান লুকাতে ডার্ক ওয়েবের একাধিক লেয়ার ব্যবহার করেছে। তদন্তকারীদের মতে, এই মেইলগুলোর মাধ্যমে জনমানসে আতঙ্ক ছড়িয়ে প্রশাসনিক কাজ ব্যাহত করাই মূল উদ্দেশ্য।

SIR কাজের সঙ্গে যোগ? রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা SIR (Special Intensive Revision)-এর কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ইমেইল আইডিতেই মূলত এই হুমকি পাঠানো হচ্ছে। ফলে এটি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখছেন কমিশনার সুপ্রতীম সরকার এবং গোয়েন্দা প্রধানরা। যদিও তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি, তবুও ডার্ক ওয়েবের সূত্র ধরে এই ইমেইল-সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে কোমর বেঁধে নেমেছে লালবাজার ও নবান্ন।