স্ট্র্যান্ড রোডের নাম সম্রাট শশাঙ্কের নামে? লেনিন সরণি বদলের ইঙ্গিত তথাগত রায়ের, বৈঠকে প্রথম আলোচনা

শহরের রাস্তা ও স্থানের নামকরণ নিয়ে গঠিত কমিটির প্রথম বৈঠক শুক্রবার কলকাতা পুরসভায় অনুষ্ঠিত হল। বৈঠক শেষে তথাগত রায় জানান, স্ট্র্যান্ড রোডের নাম বদলে বাংলার রাজা সম্রাট শশাঙ্কের নামে ‘সম্রাট শশাঙ্ক সরণি’ করার বিষয়ে অনেক দূর আলোচনা এগিয়েছে। পাশাপাশি লেনিন সরণির নাম বদল হতে পারে বলে ইঙ্গিত দিলেও হো চি মিন সরণির নাম থাকতে পারে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, তথাগত রায়, মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব সংঘমিত্রা ঘোষ, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন এবং কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে।
নামের প্রস্তাব, গবেষণা ও মেট্রো স্টেশন তথাগত রায় জানান, কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন পৌরসভার এলাকা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে; নাম বদল ও নতুন নামের একাধিক আবেদন জমা পড়েছে। ইতিহাস চর্চা ও গবেষণার দায়িত্ব পুরসভাকে দেওয়া হয়েছে এবং আগামী ৯ ডিসেম্বর কমিটির পরবর্তী বৈঠক বসবে। বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যজিৎ রায় ধরণী’কে সরণী করার বিষয়টি ধরা যেতে পারে; পাশাপাশি মেট্রো স্টেশনগুলোর নাম বিভ্রান্তি এড়াতে জায়গার নামে রাখার সুপারিশ করার সিদ্ধান্তের কথাও জানান তিনি এবং এ বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেন।
কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ জানান, প্রথম বৈঠকে ১৬টি রাস্তার নাম নিয়ে আলোচনা হয়েছে এবং প্রস্তাবগুলো রাজ্য বিধানসভায় পাঠানো হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ‘হাজরা রোড’ ও ‘হাজরা লেন’ কোন হাজরার নামে, সে তথ্য পুরসভার কাছে চাওয়া হয়েছে বলে জানান তথাগত রায়।