“মদ্যপানের নেশায় জীবনের ১৫টা বছর নষ্ট করেছি!” জীবনের সবচেয়ে বড় আক্ষেপ জানালেন জাভেদ আখতার

মদ্যপানের অভ্যাসের কারণে জীবনের প্রায় ১৫টি বছর নষ্ট করার অনুশোচনার কথা অকপটে জানালেন বর্ষীয়ান চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। ৮০ পেরোনো এই লেখক তিন দশকেরও বেশি সময় আগে মদ্যপান ছাড়লেও অতীতের দিকে তাকালে আজও কিছু সিদ্ধান্তের জন্য আক্ষেপ করেন। তাঁর মতে, সেই সময়টা অন্যভাবে কাজে লাগালে নতুন ভাষা বা গান শেখা কিংবা কাছের মানুষদের আরও বেশি সময় দেওয়া যেত।
এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা দিক তুলে ধরেন জাভেদ আখতার। তিনি জানান, তাঁর শেষ মদ্যপানের দিনটি আজও স্পষ্ট মনে আছে—১৯৯১ সালের ৩১ জুলাই। সেদিনের পর থেকে আর কখনও মদ স্পর্শ করেননি তিনি।
বড় ভুল ও আক্ষেপের কথা জীবনে আক্ষেপ প্রসঙ্গে জাভেদ বলেন, তাঁর অনুশোচনার তালিকাটা বেশ দীর্ঘ এবং তার মধ্যে সবচেয়ে বড় জায়গায় রয়েছে মদ্যপানের অভ্যাস। দায়িত্বজ্ঞানহীন আচরণ ও মদ্যপানের জন্য জীবনের প্রায় ১৫ বছর নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, নেশার ঘোরে এমন আচরণ করেছেন, যার প্রভাব কাছের মানুষদের ওপরও পড়েছে। প্রাপ্তবয়স্ক জীবনে নেওয়া একাধিক ভুল সিদ্ধান্তের নেপথ্যে মদের প্রভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, মাঝেমধ্যে মনে হয় মদ্যপান না করলে হয়তো এত ভুল করতেন না।
তবে এই অভ্যাসের পেছনে শৈশবের কোনও তিক্ত অভিজ্ঞতাকে দায়ী করেননি জাভেদ; বরং তাঁর স্বীকারোক্তি, মদ খেতে ভালো লাগত বলেই পান করতেন। একসময় প্রায় প্রতি রাতে এক বোতল করে মদ খেতেন বলেও জানান তিনি, আর পরবর্তীতে দীর্ঘ জীবন বাঁচার ইচ্ছাই তাঁকে এই অভ্যাস ত্যাগ করতে সাহায্য করে। অতীতে জাভেদের প্রাক্তন স্ত্রী চিত্রনাট্যকার হানি ইরানিও এক সাক্ষাৎকারে তাঁদের দাম্পত্য জীবনে মদ্যপানের প্রভাব ও সম্পর্কের টানাপোড়েনের কথা উল্লেখ করেছিলেন।