সিএএ শুনানিতে গিয়ে থানায় ঢোকানোর হুমকি! টিটাগড়ে পাল পরিবারের হয়রানি ঘিরে তুঙ্গে বিতর্ক

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)-এর শংসাপত্র পাওয়ার জন্য আয়োজিত শুনানিতে গিয়ে চরম হয়রানি, দুর্ব্যবহার ও হুমকির মুখে পড়ার অভিযোগ তুললেন উত্তর ২৪ পরগনার শ্যামনগরের রাহুতা মণ্ডল পাড়ার পাল পরিবারের তিন সদস্য। টিটাগড়ে শুনানিতে গিয়ে তাঁদের এই অভিজ্ঞতার জেরে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পরও তাঁদের নানাভাবে হেনস্থা করা হয়েছে এবং এমনকি থানায় ঢোকানোর হুমকিও দেওয়া হয়েছে।
আবেদনকারী অখিল পাল জানান, তিনি নব্বইয়ের দশকে বাংলাদেশের যশোর থেকে ভারতে আসেন, আর তাঁর মা মণি পাল ও মেয়ে শান্ত্বনা পাল ২০০৭-২০০৮ সালে খুলনা থেকে এ দেশে আসেন। তিনজনেরই শুনানি পড়েছিল টিটাগড়ে। সেখানে গিয়ে বাংলাদেশের জমির পরচা দেখালে আধিকারিকরা তা ‘ডুপ্লিকেট’ বলে দাবি করেন বলে অভিযোগ। অখিল পালের বক্তব্য, বাবার নামের বানানে সামান্য ভুল থাকার অজুহাতে এমনভাবে হয়রানি করা হবে, তা তিনি ভাবতে পারেননি। তাঁর অভিযোগ, ডুপ্লিকেট নথি দেখানোর অভিযোগ তুলে তাঁর নামে এফআইআর করে থানায় ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
অন্যদিকে, আবেদনকারী শান্ত্বনা পাল জানান, বিধায়কের শংসাপত্র নিয়ে গেলেও বলা হয় যে তা দিয়ে কোনও কাজ হবে না। এই পরিস্থিতিতে হয়রানির শিকার হয়ে তিনি রাতেই নতুন করে ফর্ম ফিলাপ করেছেন, যাতে অন্য কোথাও তাঁর হিয়ারিং পড়ে। টিটাগড়ের আধিকারিকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা মোটেও ঠিক নয়। পরিবারের আরেক সদস্য মণি পালও আধিকারিকদের বিরুদ্ধে খারাপ ও জঘন্য ব্যবহারের অভিযোগ তুলে জানান, বেশি কথা বললে বের করে দেওয়ার কথা বলা হয়েছে।
সিএএ-র শুনানিতে জেলা গোয়েন্দা শাখা বা ডিআইবি (DIB)-র ভূমিকা নিয়েও একাধিক অভিযোগ উঠেছে। আইনি সহায়তাকারী ঝন্টু মণ্ডল দাবি করেন, ডিআইবি-র তরফে চরম হয়রানি ও বিরক্তি করা হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত বসিয়ে রাখা হলেও কোনও কাজ এগোচ্ছে না এবং আবেদনকারীদের রীতিমতো ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।
উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাস করায় মোদি সরকার, এবং ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের শংসাপত্র দেওয়ার বিষয়টি বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন যে প্রায় আড়াই লক্ষ পিটিশনার রয়েছেন এবং ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সকলকে শংসাপত্র দেওয়া হবে। এরই মধ্যে টিটাগড়ের শুনানিতে হয়রানির অভিযোগ সামনে আসায় ডিআইবি-র বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিজেপি। বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় জানান, ডিআইবি-র বিরুদ্ধে প্রশ্ন করা, হয়রানি ও দেরি করানোর অভিযোগ এসেছে; তিনি অবশ্যই এ বিষয়ে কথা বলবেন এবং নির্দিষ্ট অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।