সামান্য লোভ বা ভুল করলেই সাফ হয়ে যাবে অ্যাকাউন্ট! এসবিআই গ্রাহকদের জন্য জারি হলো নতুন সাইবার অ্যালার্ট

অ্যাকাউন্টে হঠাৎ অচেনা টাকা জমা হচ্ছে? এসবিআই-এর বড় সতর্কবার্তায় এড়িয়ে চলুন এই মারাত্মক ভুল
ডিজিটাল লেনদেনের পথ যত সুগম হচ্ছে, ততই নিত্যনতুন ফন্দি আঁটছে সাইবার প্রতারকরা। এবার দেশের কোটি কোটি গ্রাহককে নতুন এক আর্থিক প্রতারণার ফাঁদ নিয়ে চরম সতর্কবার্তা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বর্তমানে ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’ (Jumped Deposit Scam)-এর মতো অভিনব উপায়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে স্ক্যামাররা। সামান্য অসতর্কতা বা ভুল পদক্ষেপেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন গ্রাহকরা।
এসবিআই-এর সাম্প্রতিক গাইডলাইন অনুযায়ী, এই ধরনের প্রতারণায় প্রথমে কোনো অপরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ভুক্তভোগীর ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করেই ছোট অঙ্কের কিছু টাকা জমা হয়। এর পর প্রতারকরা ওই অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে যোগাযোগ করে দাবি করে যে, ভুলবশত টাকাটি অন্য অ্যাকাউন্টে চলে গেছে। সেই টাকা দ্রুত ফেরত পাঠানোর জন্য তারা নানাভাবে আবেগপ্রবণ করে তোলে বা জরুরি পরিস্থিতির কথা বলে।
আসল বিপদ লুকিয়ে থাকে ঠিক এখানেই। ভুক্তভোগী যখন সরল বিশ্বাসে সেই টাকা ফেরত দিতে যান বা অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করে ইউপিআই পেমেন্ট অ্যাপ্রুভ করেন, তখনই প্রতারকরা তাদের পুরো নিয়ন্ত্রণ হাতিয়ে নেয় এবং বড় অঙ্কের টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেয়।
এই ধরনের জালিয়াতি এড়াতে সাধারণ গ্রাহকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ এই ব্যাংক:
অ্যাকাউন্টে কোনো অপ্রত্যাশিত বা অচেনা ক্রেডিট এন্ট্রি দেখলে সঙ্গে সঙ্গে আতঙ্কিত না হয়ে নিজের ব্যাংকের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তা যাচাই করুন।
অপরিচিত কারও কথা শুনে তৎক্ষণাৎ টাকা ফেরত পাঠানোর জন্য কোনো ইউপিআই রিকোয়েস্ট বা পেমেন্ট অ্যাপ্রুভ করবেন না।
সন্দেহজনক কোনো ফোন নম্বর ব্লক করুন এবং অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
ব্যাংকের তরফে জানানো হয়েছে, ১৬০০ (1600) প্রিফিক্সযুক্ত কলগুলিই ব্যাংক থেকে করা আসল ও নিরাপদ কল। তাই এই বিষয়ে সবসময় সতর্ক থাকুন।