সাই পল্লবীর অ্যাকশন দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেননি ‘আসল’ সীতা! দীপিকা চিখালিয়া যা বললেন শুনলে চমকে যাবেন

পরিচালক নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ (Ramayana)-এ অভিনেত্রী সাই পল্লবীর সীতা রূপায়ণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বিতর্কের ঝড় বইছে। সিনেমায় শান্ত স্বভাবের সীতাকে তলোয়ার হাতে অসুরদের সঙ্গে সরাসরি লড়াই করতে এবং অ্যাকশন দৃশ্যে অংশ নিতে দেখা গেছে। আর তা ঘিরেই শুরু হয়েছে তীব্র চর্চা। এই বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মুখ খুললেন রামানন্দ সাগরের ১৯৮৭ সালের ঐতিহাসিক টিভি ধারাবাহিক ‘রামায়ণ’-এর চিরস্মরণীয় ‘সীতা’ তথা প্রবীণ অভিনেত্রী দীপিকা চিখালিয়া (Deepika Chikhalia)।
বাল্মীকি বা তুলসীদাসের রামায়ণে কি এমন দৃশ্য ছিল?
প্রায় চার দশক পরেও মানুষ আজও যে সীতার রূপকে হৃদয়ে ধারণ করে আছেন, সেই দীপিকা চিখালিয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নিজের মতামত স্পষ্ট করেছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় তিনি সাই পল্লবীর সেই অ্যাকশন দৃশ্যের কিছু ঝলক বা রিল দেখেছেন।
দীপিকার স্পষ্ট কথা, “বাল্মীকি রামায়ণ কিংবা তুলসীদাসের রামায়ণ— যার ওপর ভিত্তি করে আমাদের রামানন্দ সাগরের রামায়ণ তৈরি হয়েছিল, তাতে এমন কোনো যুদ্ধের বা অ্যাকশন দৃশ্যের কথা আমার অন্তত স্মরণে নেই।” তবে এর পরেই তিনি সংযত সুরে জানান, সরাসরি তিনি এই দৃশ্যকে ভুল বলে উড়িয়ে দিচ্ছেন না।
কেন এমন দৃশ্য রাখা হয়েছে? মুখ খুললেন প্রাচীন সীতা
দীপিকার মতে, আমাদের দেশ ভারতে রামায়ণের প্রায় ৩০০-রও বেশি ভিন্ন ভিন্ন সংস্করণ ও লোককথা রয়েছে। প্রতিটি সংস্করণের গল্প এবং ঘটনার বিন্যাসে কিছু না কিছু পার্থক্য থাকে। তাই নির্মাতারা হয়তো এমন কোনো অপ্রচলিত বা কমচর্চিত রামায়ণের সংস্করণ থেকেই এই আইডিয়াটি ধার করেছেন, যা সম্পর্কে সাধারণ মানুষ বা তিনি নিজে হয়তো অবগত নন।
মজার বিষয় হলো, এখনো পুরো ছবিটি তিনি নিজে দেখেননি। তবে দীপিকা জানিয়েছেন, আসছে দীপাবলির ছুটির পরই তিনি হলে গিয়ে পুরো ছবিটি দেখার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, ছবি মুক্তির আগেই পরিচালক নীতেশ তিওয়ারি লস অ্যাঞ্জেলেসে এক আন্তর্জাতিক প্রচারে পরিষ্কার করে দিয়েছিলেন যে, সীতার এই শক্তিশালী ও যোদ্ধা রূপটি ‘অদ্ভুত রামায়ণ’ থেকে অনুপ্রাণিত। যেখানে দেবীকে মহাশক্তির এক উগ্র ও প্রতিরক্ষামূলক রূপ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। পুরনো ঐতিহ্য বনাম আধুনিক সিনেমার এই টুইস্ট এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।