সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যে শুরু হয়েছে ‘স্পেশ্যাল কোচিং’, জানুন কোথায় ও কতদিন চলবে?

প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সাঁওতালি ভাষায় ভালো ফল করা বাঁকুড়ার ছাত্র-ছাত্রীদের জন্য এক দারুণ উদ্যোগ নেওয়া হলো। সাঁওতালি মাধ্যমে পাঠরত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘স্পেশ্যাল কোচিং’-এর ব্যবস্থা করল ওয়েস্ট বেঙ্গল সান্তালী টিচার্স অ্যাসোসিয়েশন।
ওই শিক্ষক সংগঠনের উদ্যোগে ও ভারত জাকাত মাঝহি পারগানা মহল সহ অন্যান্য গণ সংগঠনগুলির সহযোগিতায় বাঁকুড়ার রাইপুরের ঢেকিকাটা নিউ ইন্ট্রিগ্রেটেড গভর্মেন্ট স্কুলে পুজোর ছুটিতে এই বিশেষ কোচিং চলছে। এই কোচিং আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।
১১টি জেলা থেকে ৫৩২ জন পরীক্ষার্থী
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ‘স্পেশ্যাল কোচিং’-এ রাজ্যের ১১টি জেলা থেকে মোট ৫৩২ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অংশ নিয়েছে। বাঁকুড়ার পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার পড়ুয়ারা এখানে এসে পড়াশোনার সুযোগ পাচ্ছে।
শিক্ষক ও পরিকাঠামোর অভাব
আয়োজকদের মতে, সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে এখনও পর্যাপ্ত শিক্ষক, পরিকাঠামো, এমনকি বইয়েরও অভাব রয়েছে। ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ‘স্পেশ্যাল কোচিং’-এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
কোচিং-এ উপস্থিত পরীক্ষার্থীরাও জানিয়েছে, তাঁদের স্কুলে সব বিষয়ের শিক্ষক না থাকা, নিয়মিত ক্লাস না হওয়া এবং সিলেবাস শেষ না হওয়ার কারণে তাঁরা সমস্যায় ছিল। এই ‘স্পেশ্যাল কোচিং’ তাঁদের বিশেষ সুযোগসুবিধা দেওয়ায় পড়াশোনার অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছে পড়ুয়ারা।