সরকারি জমি দখলের প্রতিবাদ করতেই রক্তাক্ত কাণ্ড! ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম বিজেপি কর্মী

সরকারি জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন এক বিজেপি কর্মী। সোমবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নগর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহানন্দা কলোনিতে। আহত বিজেপি কর্মীর নাম সমীর সরকার। এই নৃশংস হামলার ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠেছে এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার শ্বশুর কুমারেশ সাহার বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ তুলেছেন অভিযুক্ত কুমারেশ সাহাও। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাত থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহানন্দা কলোনিতে আশ্রম তৈরির নাম করে দীর্ঘদিন ধরেই একের পর এক সরকারি জমি দখল করে সেখানে ঘর নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগ উঠছিল কুমারেশ সাহার বিরুদ্ধে। অভিযোগ, এর আগেও এলাকার বাসিন্দারা এই বেআইনি জমি দখলের প্রতিবাদ করেছিলেন। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিবাদীদের ভয় দেখানো ও হুমকি দেওয়া হতো বলে দাবি। সোমবার রাতে ফের ওই এলাকায় সরকারি জমি দখলের কাজ শুরু হলে তার তীব্র প্রতিবাদ জানান স্থানীয় বিজেপি কর্মী সমীর সরকার। অভিযোগ, প্রতিবাদ করতেই তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। অস্ত্রের কোপে সমীরবাবুর দুই হাতে গুরুতর আঘাত লাগে। এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে এবং উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন কুমারেশ সাহাও।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় আহত দু’জনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদিকে, দলীয় কর্মীর ওপর হামলার খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।

হাসপাতালের বেডে শুয়ে আহত বিজেপি কর্মী সমীর সরকার বলেন, ‘‘সরকারি জমি দখলের প্রতিবাদ করতে গিয়েই আমার ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন ধরেই মহানন্দা কলোনিতে আশ্রম তৈরির নাম করে সরকারি জমি দখল করে ঘর তৈরি করে ভাড়া দেওয়া হচ্ছে। সোমবার রাতে ফের কাজ শুরু হলে আমি প্রতিবাদ করি। সেই আক্রোশেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। আমার দু’হাতে গুরুতর চোট লেগেছে। আমি চাই সঠিক তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি হোক।’’

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের শ্বশুর কুমারেশ সাহা পাল্টা দাবি করেন, ‘‘আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রথমে আমার ওপরই আক্রমণ করা হয়েছিল। পরিস্থিতির চাপে পড়ে এবং আত্মরক্ষার তাগিদে আমাকে পাল্টা প্রতিরোধ করতে হয়েছে। আমি কাউকে পরিকল্পনা করে মারধর করিনি। সঠিক তদন্ত হলেই আসল সত্য সামনে আসবে।’’

এই ঘটনায় শাসকদলকে তীব্র আক্রমণ করে স্থানীয় বিজেপি নেতা দীপক রুইদাস বলেন, ‘‘শান্ত বাংলার মাটিতে অশান্তি পাকানোর চেষ্টা করবেন না। সরকারি জমি দখল করে সাধারণ মানুষের ওপর অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বা বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না।’’ গোটা বিষয়টি নিয়ে এসিপি সুবীর রায় জানিয়েছেন, ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।