সরকারি অ্যাকাউন্টে হ্যাকারদের কোপ! গায়েব ২২ কোটি, “কোথায় মুখ্যমন্ত্রী বিজয়?” প্রশ্ন তুলে সোচ্চার বিজেপি

তামিলনাড়ু সরকারের বিভিন্ন সরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় ২২ কোটি ১০ লক্ষ টাকা গায়েব হওয়ার খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই বিশাল অঙ্কের আর্থিক তছরুপের ঘটনা সামনে আসতেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় এবং তাঁর নেতৃত্বাধীন টিভিকে (TVK) সরকারের প্রশাসনিক নজরদারি ও জবাবদিহি নিয়ে তীব্র তোপ দেগেছে বিজেপি।

বিজেপির রাজ্য সম্পাদক বিনোজ পি সেলভাম প্রশ্ন তুলেছেন, “জনগণ যখন ট্যাক্সের টাকার হিসাব চাইছে, তখন মুখ্যমন্ত্রী বিজয় কোথায় দাঁড়িয়ে জবাব দেবেন?” রিপোর্ট অনুযায়ী, রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দফতরের তিনটি গুরুত্বপূর্ণ সরকারি অ্যাকাউন্ট থেকে মোট ২২ কোটি ১০ লক্ষ টাকা স্রেফ উধাও হয়ে গেছে। যার মধ্যে রামনাথপুরম জেলার মানডপম পঞ্চায়েত ইউনিয়ন থেকে ১৪ কোটি টাকা, নাগাপট্টিনম জেলা থেকে ৩ কোটি ১০ লক্ষ টাকা এবং অন্য একটি পঞ্চায়েত অ্যাকাউন্ট থেকে ৫ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে।

পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানে মূলত গ্রামীণ এলাকার স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র নির্মাণের জন্য এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল, যা এখন সাইবার অপরাধীদের কবলে।এই ঘটনার পর চরম ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতা সেলভাম সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কীভাবে সাইবার দুষ্কৃতীরা সরকারি পেমেন্ট সিস্টেমে ঢোকার সাহস পেল? কোনো রকম সিকিউরিটি অ্যালার্ম বা কড়া নিরাপত্তা সতর্কতা ছাড়াই কীভাবে কোটি কোটি টাকার গোপন লেনদেন হয়ে গেল? সরকারের আর্থিক নিয়ন্ত্রণ ও সিকিউরিটি চেকের দায়িত্বপ্রাপ্তরা তখন কোথায় ঘুমোচ্ছিলেন?” মুখ্যমন্ত্রী বিজয়ের সোশাল মিডিয়া ফ্যান ক্লাবকে একহাত নিয়ে তিনি আরও কটাক্ষ করেন, “সিনেমা তারকার ফ্যান ক্লাব আর সোশ্যাল মিডিয়া আর্মি ট্রেন্ডিং হ্যাশট্যাগ তৈরি করা থেকে সোজা এসে একটা রাজ্য সরকার চালাচ্ছে! কিন্তু মনে রাখা উচিত, নেটপাড়ায় হ্যাশট্যাগ ম্যানেজ করা আর একটা গোটা রাজ্য পরিচালনা করা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।

”বর্তমানে এই মেগা সাইবার জালিয়াতি ও হ্যাকিংয়ের ঘটনার তদন্তে নেমেছে চেন্নাই সাইবার ক্রাইম পুলিশ। হ্যাকারদের ব্যবহৃত আইপি ঠিকানা এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জালিয়াতির টাকা ট্রান্সফার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে এই আন্তর্জাতিক হ্যাকিং চক্রের পিছনে কোনো নাইজেরিয়ান সাইবার অপরাধী গ্যাং জড়িত থাকতে পারে বলে চরম সন্দেহ করছেন গোয়েন্দারা।