সপ্তমীর পর কি অষ্টমীতেও ভাসবে পুজো? আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস!

দেখতে দেখতে পুজোর আনন্দ গড়িয়েছে মহাসপ্তমীতে। আর মাত্র তিনটে দিনের অপেক্ষা, তারপরেই মায়ের কৈলাসে ফিরে যাওয়ার পালা। কিন্তু আনন্দ উপভোগের মাঝেই চোখ রাঙাচ্ছে আবহাওয়া। বৃষ্টিহীন সুন্দর কাটবে পুজোর বাকি দিনগুলো, নাকি দুর্যোগ চলবে—সেই আশঙ্কায় প্রহর গুনছেন সাধারণ মানুষ। এর মাঝেই আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করল হাওয়া অফিস।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহর ও জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার পর আবহাওয়ায় কিছু পরিবর্তন হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা আমেজ অনুভূত হচ্ছে।

দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার কথা। তবে রবিবার আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে খুব বড় ধরনের দুর্যোগের কোনো আশঙ্কা না থাকলেও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দুদিন অর্থাৎ ১৮ ও ১৯ অক্টোবর কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের পর থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।