সংসদে আসন বাড়ানোর নতুন চাল কেন্দ্রের, বিরোধিতায় অনড় আপ—চমক দেবে বিজেডি?

সোমবার, ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রের তরফে তিনটি গুরুত্বপূর্ণ বিল আনার পরিকল্পনা রয়েছে—সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল। এই প্রস্তাবগুলির মূল উদ্দেশ্য হল লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়িয়ে ৫৪৩ থেকে ৮১৬ করা, ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসন অনুপাত বজায় রাখা এবং ২০২৯ সালের সাধারণ নির্বাচন থেকে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার পথ তৈরি করা।

আগের ধাক্কা ও গাণিতিক চ্যালেঞ্জ এই বিল নিয়ে কেন্দ্রের এটি দ্বিতীয় প্রচেষ্টা। গত এপ্রিল মাসে আনা সংবিধানের ১৩১তম সংশোধনী বিলটি লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছিল সরকার। ওই ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছিল, যা সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার তুলনায় কম ছিল। নিয়ম অনুযায়ী, বিল পাশ করাতে হলে সংসদের উভয় কক্ষে মোট সদস্যসংখ্যার সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ সমর্থন জরুরি।

আপের কড়া হুঁশিয়ারি ও হুইপ লোকসভায় আপ-এর তিনজন এবং রাজ্যসভায় তিনজন সাংসদ রয়েছেন। দলের লোকসভা সাংসদদের জন্য ইতিমধ্যেই ‘থ্রি-লাইন হুইপ’ জারি করা হয়েছে, যাতে অধিবেশনে উপস্থিত থাকা এবং দলের লাইনে ভোট দেওয়া বাধ্যতামূলক করা যায়। লোকসভায় আপ-এর মুখ্য সচেতক রাজ কুমার চাব্বেওয়াল কেন্দ্রের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়েছেন।

তাঁর কথায়, “আমরা এই পদক্ষেপের বিরোধী এবং সংসদে এর তীব্র বিরোধিতা করব। গতবারও একটি সংবিধান সংশোধনী বিল আনা হয়েছিল, কিন্তু বিজেপি তা থেকে কিছুই পায়নি। এখন মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা ফের সংশোধনী এবং আসন পুনর্বিন্যাসের বিল আনছে। ২০২৭ সালের জনগণনার পর সীমানা পুনর্বিন্যাস হওয়ার কথা ছিল। ওরা কেবল ভোট পাওয়ার জন্যই এসব করছে এবং এই বিশেষ অধিবেশনের মাধ্যমে মহিলাদের সহানুভূতি কুড়োনোর চেষ্টা করছে। এবারও ওরা এ থেকে কিছুই পাবে না।”

রাজ্যসভায় বিজেডি-র গুরুত্ব লোকসভায় কোনও আসন না থাকলেও রাজ্যসভায় বিজেডি-র পাঁচজন সাংসদ রয়েছেন। উচ্চকক্ষে বিল পাশের অঙ্কে এই পাঁচটি ভোট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। রাজ্যসভায় দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রায় ১৬৩টি ভোটের প্রয়োজন, যেখানে এনডিএ-র বর্তমান শক্তি ১৫৫। ডিএমকে (৮), ওয়াইএসআরসিপি (৪) এবং বিআরএস (৩)-এর সমর্থনের ওপর ভরসা করলেও শেষ মুহূর্তে কোনও সমীকরণ বদলালে বিজেডি-র অবস্থান বড় ফ্যাক্টর হতে পারে।

বিজেডি সাংসদ শুভাশিস খুটিয়া জানিয়েছেন, খসড়া বিল খতিয়ে দেখার পরই দল সিদ্ধান্ত নেবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেতা নবীন পট্টনায়ক। তিনি বলেন, “গতবার মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে সংবিধান সংশোধনী বিলটি লোকসভায় আনা হয়েছিল এবং তাতে কোনও স্বচ্ছতা ছিল না। লোকসভায় আমাদের কোনও সদস্য নেই। রাজ্যসভায় আমাদের সদস্য রয়েছেন এবং আগামী ২ তারিখ বিলটি রাজ্যসভায় আসবে। খসড়া বিলটি দেখার পরই আমরা বলতে পারব এতে কী আছে। নবীন বাবু সবসময় ওড়িশার অধিকার ও স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। ওড়িশার জন্য যা ভাল হবে, তিনি সেই সিদ্ধান্তই নেবেন এবং আমরা সবাই সেই সিদ্ধান্তের পাশে থাকব।”