‘পাকিস্তানি সেনার বুটের তলায় থাকতে হত’, মুক্তিযোদ্ধাদের নিশানা নিয়ে বিস্ফোরক হাসিনা!

বাংলাদেশ স্বাধীন না হলে আজ কারও প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজনই পড়ত না; বরং গোটা দেশকে পাকিস্তানি সেনাবাহিনীর বুটের তলায় থাকতে হত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনের বিরুদ্ধে এভাবেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। তাঁর অভিযোগ, দেশে মুক্তিযোদ্ধাদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে এবং কারাগারে বন্দিদের ওপর নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এমনকি চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর পরও পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লিগের ৯৮তম ভার্চুয়াল ‘দয়ামুক্তি লাইভ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একগুচ্ছ অভিযোগ তোলেন হাসিনা। ওই অনুষ্ঠানে রাজনৈতিক অস্থিরতায় নিহত ও নির্যাতিত দলীয় কর্মী এবং সাধারণ নাগরিকদের পরিবারের অভিজ্ঞতা তুলে ধরা হয়। সেই সূত্র ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ, বাংলাদেশে বন্দিদের ওপর অত্যাচার চলছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে।
হাসিনার কথায়, শহিদদের পরিবারের অসীম যন্ত্রণার কথা উঠে এসেছে এই আলোচনায়। জেলের ভেতরে বন্দিদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে তাঁদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। তিনি আরও দাবি করেন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা না পেয়ে বহু বন্দি মারা যাচ্ছেন, অথচ তাঁদের মৃত্যুর খবর পর্যন্ত পরিবারকে জানানো হচ্ছে না। ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত রামপুরা ও বংশাল এলাকায় এমন একাধিক ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে ক্ষোভ ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলির হত্যাকাণ্ড নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানান হাসিনা। তাঁর অভিযোগ, ওই মুক্তিযোদ্ধাকে খুন করার পর দেহ একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাকে চরম নৃশংস আখ্যা দিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া বাংলাদেশ স্বাধীন হত না; অথচ এখন একের পর এক মুক্তিযোদ্ধাকে নিশানা করে স্বাধীনতার প্রতীকগুলোকেই ধ্বংস করার চেষ্টা চলছে। মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করার প্রবণতা দেশের প্রতিষ্ঠার ভিত্তিকে দুর্বল করবে বলেও মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধুর প্রসঙ্গ ও আক্ষেপ বক্তব্যে নিজের বাবা তথা বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও স্মরণ করেন হাসিনা। তাঁর দাবি, মানুষের স্বাধীনতা ও জাতীয় পরিচয় প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন মুজিব, কিন্তু তাঁর হত্যাকাণ্ডে দেশের উন্নয়নের স্বপ্ন বাধাপ্রাপ্ত হয়। হাসিনার মতে, মুজিব বেঁচে থাকলে স্বাধীনতার মাত্র ১০ বছরের মধ্যেই বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারত এবং মানুষকে এত সমস্যার মুখে পড়তে হত না।
লকডাউন ঘিরে উত্তেজনা হাসিনার এই বক্তব্যের আবহেই বাংলাদেশে দু’দিনের দেশব্যাপী লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লিগ। দলীয় কর্মসূচিকে ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা ও পথ অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর।