গোপনে আপনার আধার কার্ড ব্যবহার হচ্ছে না তো? ঘরে বসেই এক মিনিটে জেনে নিন আসল সত্য!

আজকের দিনে ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে সরকারি প্রকল্পের আবেদন—সব ক্ষেত্রেই আধার কার্ড সবচেয়ে জরুরি পরিচয়পত্র। নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি অথবা আঙুলের ছাপ ও আইরিস স্ক্যানের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাই করা হয়। কিন্তু আপনার অজান্তে কখন এবং কোন সংস্থা আপনার আধার ব্যবহার করেছে, তা কি জানেন? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI)-এর বিশেষ সুবিধায় এখন খুব সহজেই সেই তথ্য জানা সম্ভব।
আধার অথেন্টিকেশন হিস্ট্রি আসলে কী? আধার অথেন্টিকেশন হিস্ট্রি হলো এমন একটি নথি, যেখানে আপনার আধার নম্বর দিয়ে কবে, কখন এবং কোন পদ্ধতিতে পরিচয় যাচাই করা হয়েছে তার বিস্তারিত থাকে। ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হওয়া লেনদেনের সময়, তারিখ, অনুরোধ পাঠানো সংস্থার নাম এবং যাচাইকরণ সফল হয়েছে কি না—সবই এই রেকর্ডে দেখা যায়। তবে এই ব্যবস্থায় ব্যবহারকারীর অবস্থান বা লোকেশন ট্র্যাক করা হয় না।
মোবাইল অ্যাপে কীভাবে দেখবেন? স্মার্টফোন থেকে ইতিহাস দেখতে হলে ফোনে ইউআইডিএআই-এর অফিসিয়াল আধার অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন সারতে হবে। এরপর অ্যাপের ভেতরে থাকা ‘অথেন্টিকেশন হিস্ট্রি’ বিকল্পে গিয়ে নির্দেশ মেনে নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে যাচাই করলেই লেনদেনের তালিকা সামনে চলে আসবে।
ওয়েবসাইট থেকে জানার পদ্ধতি অ্যাপ ছাড়াও সরাসরি অনলাইনে পোর্টাল থেকে এই তথ্য দেখা যায়। সে ক্ষেত্রে [https://myaadhaar.uidai.gov.in/](https://myaadhaar.uidai.gov.in/) ওয়েবসাইটে গিয়ে আধার নম্বর বা ভার্চুয়াল আইডি এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করতে হবে। নিবন্ধিত নম্বরে আসা ওটিপি দেওয়ার পর ‘আধার অথেন্টিকেশন হিস্ট্রি’ বেছে নিয়ে নির্দিষ্ট তারিখ নির্বাচন করলেই তথ্য দেখা যাবে। ইউআইডিএআই-এর নিয়ম অনুযায়ী গত ৬ মাসের রেকর্ড দেখা সম্ভব এবং একবারে সর্বোচ্চ ৫০টি লেনদেনের তথ্য পাওয়া যায়। প্রয়োজনে এই তালিকা ডাউনলোড বা প্রিন্টও করা যায়।
অচেনা বা সন্দেহজনক লেনদেন দেখলে কী করবেন? তালিকায় এমন কোনো লেনদেন নজরে এলে যা আপনি করেননি, তবে দেরি না করে লেনদেনের তারিখ, সময় ও সংশ্লিষ্ট সংস্থার নাম দেখে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত। বারবার সন্দেহজনক চেষ্টা চোখে পড়লে আধার বায়োমেট্রিক বা অথেন্টিকেশন লক করে রাখার ব্যবস্থাও রয়েছে। যেকোনো সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে ইউআইডিএআই-এর হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ যোগাযোগ করা যাবে।