শুধু মঞ্চের বক্তৃতা নয়, এ বার কি জোটে সিলমোহর? বাম-কংগ্রেসকে পাশে নিয়ে বড় বার্তা কুণালের!

কলকাতার বুকে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মুহূর্তের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রবীণ রাজনীতিবিদ প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেল রাজ্যের বিরোধী ও শাসক শিবিরের হেভিওয়েট নেতাদের। সিপিএমের প্রবীণ নেতা বিমান বসু, সুজন চক্রবর্তী থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ ও মদন মিত্রের এই উপস্থিতি রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি করেছে। আর সেই মঞ্চ থেকেই বিজেপি বিরোধী লড়াইয়ে বাম-কংগ্রেস এবং সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার জোরালো বার্তা দিলেন কুণাল ঘোষ।
মঞ্চের বক্তৃতাই কি শেষ কথা? প্রশ্ন কুণালেরঅনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপি বিরোধী অবস্থান স্পষ্ট করে কুণাল ঘোষ বলেন, “সবাই একা লড়তে প্রস্তুত। কিন্তু এখন যখন একমঞ্চে আমরা সবাই থাকতে পারি, একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তিকে, বিজেপি বিরোধী ব্যক্তিকে প্রণাম জানাতে, যদি সেটা এই মঞ্চের বক্তৃতাতেই শেষ হয়ে যায়, তাহলে বক্তৃতা দিতে এলাম কেন?”
তাঁর স্পষ্ট প্রশ্ন, দেশের সাংবিধানিক কাঠামো ও বহুত্ববাদী চরিত্র যখন বিপন্ন, তখন শুধু সভা-সমিতির বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে রাজ্যের বা দেশের মাটিতে সেই লড়াইকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। পারস্পরিক রাজনৈতিক বিভেদ ও ছোটখাটো দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে বৃহত্তর আন্দোলনের ডাক দেন তিনি।
একমঞ্চে রাজনৈতিক প্রতিপক্ষরাপ্রিয়রঞ্জন দাশমুন্সির স্মৃতিচারণ করতে গিয়ে এদিন উপস্থিত সমস্ত নেতাই তাঁর রাজনৈতিক অবদান ও ধর্মনিরপেক্ষ আদর্শকে স্মরণ করেন। একদিকে বাম ও কংগ্রেস নেতৃত্বের উপস্থিতি এবং অন্যদিকে তৃণমূল শিবিরের নেতাদের সরব হওয়া—সব মিলিয়ে এই অনুষ্ঠান শুধু একটি স্মরণসভাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং রাজ্য রাজনীতিতে বিরোধী ঐক্যের নতুন সম্ভাবনা নিয়ে নানা চর্চা শুরু করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে এই বার্তা বাংলার রাজনৈতিক ময়দানে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।