লাহোর থেকে বিশেষ বার্তা! ভগবন্ত মানকে ভিসা দিতে প্রস্তুত ইসলামাবাদ, ছাড়পত্র দেবে মোদী সরকার?

আম আদমি পার্টির বর্ষীয়ান নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পাকিস্তান সফর ঘিরে কূটনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তিনি যদি প্রতিবেশী দেশে যেতে ইচ্ছুক হন, তবে তাঁকে ভিসা দেওয়ার বিষয়টি সানন্দে বিবেচনা করবে ইসলামাবাদ। শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই মর্মে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তবে পাকিস্তানের সবুজ সংকেত মিললেও নয়াদিল্লি তাঁকে সীমান্ত পেরোনোর রাজনৈতিক অনুমতি (Political Clearance) দেবে কি না, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।
চলতি মাসের শেষদিকে লাহোরে আয়োজিত হতে চলেছে ঐতিহাসিক ‘বিশ্ব পঞ্জাবি সম্মেলন’। গত ২৩ অক্টোবর পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজেই জানান যে, আগামী ২৭ নভেম্বর লাহোরে অনুষ্ঠিত হতে চলা এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি আমন্ত্রণপত্র পেয়েছেন। দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের কথা তুলে ধরে তিনি সীমান্ত পেরিয়ে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। সেই প্রসঙ্গেই শুক্রবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান জানান, মান আবেদন জানালে তাঁকে ভিসা দিতে প্রস্তুত পাকিস্তান প্রশাসন। তবে ভারতীয় নাগরিক তথা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে বিদেশযাত্রার ছাড়পত্র পাওয়ার পুরো বিষয়টিই নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর।
সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি পঞ্জাব বিধানসভার সমস্ত বিধায়ককে নিয়ে কর্তারপুর সাহিবে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ভগবন্ত মান। তিনি চেয়েছিলেন, কর্তারপুর করিডর খুলে দেওয়া হলে সব বিধায়কদের সঙ্গে নিয়ে গুরুদ্বার দরবার সাহিবে প্রার্থনা সারতে। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর জেরে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছিল এই করিডর। এ বিষয়ে পাক মুখপাত্র জানান, সীমান্ত বিধিনিষেধ শিথিল হলে ভারতীয় তীর্থযাত্রীদের যাতায়াতে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত ইসলামাবাদ। প্রসঙ্গত, ২০২৫ সালে শিখ ও হিন্দু ধর্মাবলম্বী মিলে ৯ হাজারের বেশি ভারতীয়কে ভিসা দেওয়া হয়েছে এবং আসন্ন গুরু নানক দেবের ৫৫৭তম জন্মবার্ষিকীতে ননকানা সাহিবে পুণ্যার্থীদের স্বাগত জানাতে পাকিস্তান তৈরি বলেও তিনি জানান।