বাংলা সিনেমার হাল ফেরাতে বড় উদ্যোগ নবান্নের, ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে মিঠুন-প্রসেনজিতের কমিটি

বাংলা সিনেমার ব্যবসা ও প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েনের মাঝেই বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। টলিউডের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে সমাধানের পথ খুঁজতে বিশেষ কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির দায়িত্ব সামলাবেন বাংলা চলচ্চিত্র জগতের দুই পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

চলতি বছরের শেষেই এই কমিটির রিপোর্ট জমা পড়ার কথা রয়েছে। ইন্ডাস্ট্রির বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে বাংলা সিনেমার উন্নতির জন্য কী কী পদক্ষেপ করা প্রয়োজন, সে বিষয়ে সুপারিশ করবেন তাঁরা। এই সিদ্ধান্তে বাংলা চলচ্চিত্র মহলে নতুন করে আশা তৈরি হয়েছে।

মঙ্গলবার নবান্নে বাংলা সিনেমার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে অভিনেতা, পরিচালক, প্রযোজক, পরিবেশক এবং সিনেমা হলের মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে বাংলা ছবির ব্যবসা, প্রেক্ষাগৃহে শো পাওয়া নিয়ে সমস্যা এবং গোটা ইন্ডাস্ট্রির পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই সমস্যা চিহ্নিত করে সমাধান খুঁজতে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত এই কমিটিতে চলচ্চিত্র শিল্পের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা থাকবেন। পরিচালক, প্রযোজক, প্রদর্শক এবং পরিবেশকদের প্রত্যেক ক্ষেত্র থেকে দুজন করে সদস্য নেওয়া হবে। এ ছাড়া বাংলা চলচ্চিত্র জগতের চারজন বিধায়ক, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার এবং কলকাতা পুরসভার একজন প্রতিনিধি কমিটিতে থাকবেন। প্রয়োজনে বিশেষ আমন্ত্রিত সদস্যদেরও যুক্ত করা হবে।

শুধু ছবি তৈরি নয়, নজর থাকবে ব্যবসাতেও

বাংলা সিনেমার সংকট যে শুধু ছবি তৈরি বা প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সিনেমা হলের সংখ্যা, পরিকাঠামো, বাংলা ছবির শোয়ের সময় এবং বণ্টন ব্যবস্থার মতো বিষয়গুলিও সমান গুরুত্বপূর্ণ। কমিটি এই সমস্ত দিক খতিয়ে দেখবে। শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুপারিশ তৈরি করা হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

প্রতিদিন বাংলা ছবির শো রাখার নির্দেশ

বাংলা সিনেমার প্রদর্শন বাড়াতেও কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নতুন নির্দেশ অনুযায়ী, রাজ্যের প্রতিটি সিনেমা হলের প্রতিটি স্ক্রিনে প্রতিদিন অন্তত একটি বাংলা ছবির শো রাখতে হবে। বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে সুবিধামতো যেকোনো সময়ে হল কর্তৃপক্ষ সেই শো চালাতে পারবেন।

এই নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কি না, তা তদারকি করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক এবং কলকাতার পুলিশ কমিশনার। নিয়ম না মানলে সিনেমা হলের লাইসেন্স বা অনুমতি স্থগিত কিংবা বাতিল করার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।

সব মিলিয়ে বাংলা চলচ্চিত্র শিল্পকে চাঙ্গা করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এখন দেখার, প্রশাসনিক নির্দেশের পাশাপাশি ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সমস্যাগুলির কতটা সুরাহা হয় এবং মিঠুন-প্রসেনজিতের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে কোন কোন সুপারিশ উঠে আসে।