“রাহুল গান্ধী নিজেই একজন অবৈধ বিরোধী নেতা!” রামলীলা ময়দানের সভা নিয়ে সম্বিত পাত্রের বিস্ফোরক মন্তব্য

দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘ইন্ডিয়া’ জোটের মেগা সমাবেশ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধী জোটের সমাবেশ ও জনসমাবেশের দাবিকে একহাত নিয়ে বিজেপি সাংসদ সম্বিত পাত্র কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, বিরোধী জোটের সমস্ত দল এবং অজস্র পতাকা একত্রিত হওয়া সত্ত্বেও তারা ১০ লক্ষ মানুষের ভিড় তো দূর অস্ত, মাঠের ৪০ শতাংশই খালি রাখতে বাধ্য হয়েছে!
ভিড়ের দাবি নিয়ে কটাক্ষ সাংবাদিক সম্মেলনে আক্রমণ শানিয়ে সম্বিত পাত্র বলেন, কংগ্রেস ও ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ১০ লক্ষ মানুষ জড়ো হওয়ার দাবি করা হলেও বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বিজেপির কড়া নজরদারিতে দেখা গেছে, রামলীলা ময়দানে প্রায় ২৮ হাজার চেয়ার পাতা হলেও বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে সেখানে ৫ হাজার থেকে ৭ হাজার চেয়ার সম্পূর্ণ খালি পড়ে ছিল। এই র্যালির পুরো বিষয়টিকে ‘সময়ের অপচয়’ বলে উড়িয়ে দিয়েছেন এই বিজেপি নেতা। প্রধানমন্ত্রী শব্দের নতুন ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “পি (P) মানে ঘাম (Perspiration) এবং এম (M) মানে কঠোর পরিশ্রম (Hard Work)। শুধু ফাঁকা কৌশল বা ভাষণ দিয়ে কেউ নেতা বা প্রধানমন্ত্রী হতে পারে না।”
“রাহুল গান্ধী নিজেই একজন অবৈধ বিরোধী নেতা!” সবচেয়ে বড় বিস্ফোরক মন্তব্য করে সম্বিত পাত্র বলেন, রাহুল গান্ধী দাবি করেছেন ২০২৪ সালের নির্বাচন অবৈধ ছিল। কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তো ২০২৫ সালে দায়িত্বে আসেন, তিনি ২০২৪ সালের নির্বাচনের সময়ই উপস্থিত ছিলেন না! রাহুল গান্ধীর এই দাবিকে কটাক্ষ করে সম্বিত বলেন, “যদি ২০২৪ সালের নির্বাচন অবৈধ হয়ে থাকে, তবে রাহুল গান্ধী নিজেও একজন অবৈধ বিরোধীদলীয় নেতা এবং তাঁর দলের সমস্ত সাংসদও অবৈধ।”
পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “যদি কোনো নির্বাচন নিয়ে অভিযোগ থাকে, তবে তা আদালতে চ্যালেঞ্জ করা উচিত। আড়াই বছর কেটে যাওয়ার পর হঠাৎ রামলীলা ময়দানে দাঁড়িয়ে একটি নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করা যায় না। রাহুল বা ইন্ডিয়া জোটের কেউ কি এমন একটিও আইনি আবেদনের কাগজ দেখাতে পারবেন, যেখানে এই নির্বাচনকে চ্যালেঞ্জ করা হয়েছে?”
নির্বাচনের ফলাফল রাহুল গান্ধীকে ‘তাণ্ডব’ সিনেমার কথা মনে করিয়ে দেবে বলেও এ দিন ব্যঙ্গ করেন বিজেপি সাংসদ।