রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব বিতর্কে বড় রায়! এলাহাবাদ হাইকোর্টে বড় ধাক্কা খেলেন আবেদনকারীরা

লোকসভার বিরোধীদলীয় নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বড় স্বস্তি দিয়ে তাঁর ভারতীয় নাগরিকত্ব এবং রায়বেরেলি থেকে লোকসভা সদস্যপদকে চ্যালেঞ্জ করে করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ।
আবেদনকারীদের অভিযোগ ছিল, রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক এবং তাঁরা যুক্তরাজ্য-ভিত্তিক সংস্থা ‘ব্যাকঅপস লিমিটেড’-এর কিছু নথিপত্রও আদালতে দাখিল করেছিলেন। তবে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক ছিলেন—এমন দাবির পক্ষে পর্যাপ্ত বা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ বা নথি পেশ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আবেদনকারীরা। আদালতের পর্যবেক্ষণ, আনীত অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ না থাকায় এই রিট আবেদনটির কোনো আইনগত ভিত্তি নেই।
উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত এই একই বিষয় কেন্দ্রীয় সরকারের কাছেও বিচারাধীন ছিল। তবে আবেদনকারীর জোরাজুরিতে আদালত মামলাটি আমলে নিয়ে সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে। শেষ পর্যন্ত কোনো শক্তপোক্ত প্রমাণ না মেলায় আবেদনটি খারিজ হয়ে যায়, যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।