রাস্তায় নামার আগে সাবধান! BS-3 ও BS-4 গাড়ি চালালে আজ থেকেই হতে পারে মোটা জরিমানা

দিল্লি-এনসিআর (Delhi-NCR) অঞ্চলে বাতাসের গুণমান যেভাবে প্রতিদিন তলানিতে গিয়ে ঠেকছে, তাতে নড়েচড়ে বসল প্রশাসন। দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলাতেও শুরু হলো কঠোর কড়াকড়ি। বিশেষ করে নয়ডা এবং গ্রেটার নয়ডার রাজপথে দূষণ সৃষ্টিকারী যানবাহনের ওপর এক প্রকার নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাফিক পুলিশ।

কোন কোন গাড়ির ওপর কড়া নিষেধাজ্ঞা?

ডিসিপি ট্রাফিক সৈয়দ আলি আব্বাসের নির্দেশিকা অনুযায়ী, দিল্লির মতোই এবার নয়ডা-গ্রটার নয়ডায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী প্রধানত যে বিষয়গুলির ওপর নজর দেওয়া হচ্ছে:

  • BS-3 পেট্রল ও BS-4 ডিজেল গাড়ি: এই ক্যাটাগরির সমস্ত যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিয়ম অমান্য করে রাস্তায় গাড়ি নামালে ট্রাফিক পুলিশের কঠোর ব্যবস্থার মুখে পড়তে হবে।

  • পুরোনো গাড়ি: ১০ বছরের বেশি পুরনো ডিজেল এবং ১৫ বছরের বেশি পুরনো পেট্রল গাড়ির চলাচলের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। মোটর ভ্যহিকল অ্যাক্ট অনুযায়ী এমন গাড়ি রাস্তায় দেখলেই আইনি পদক্ষেপ করা হবে।

  • নির্মাণ সামগ্রী ও ভারী বাহন: খোলামেলা ট্রাকে বালি, সিমেন্ট বা অন্যান্য নির্মাণ সামগ্রী বহনকারী ভারী ও মাঝারি যানবাহনের ওপরও কড়া নজরদারি রাখা হয়েছে, যাতে উড়ন্ত ধুলোবালি থেকে দূষণ না ছড়ায়।

সিসিটিভি ও কমান্ড সেন্টার থেকে চলবে নজরদারি

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পুলিশি তল্লাশি নয়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে থাকা সিসিটিভি ক্যামেরা ও আধুনিক কমান্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে প্রতিটি গাড়ির ওপর কড়া নজরদারি রাখা হবে। ট্রাফিক নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে জকিংস বা আইনি নোটিশ চলে যাবে গাড়িচালকদের কাছে।

পাশাপাশি, ট্রাফিক পুলিশের তরফে সাধারণ মানুষের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে— অপ্রয়োজনে রেড লাইটে গাড়ি স্টার্ট করে দাঁড়িয়ে না থেকে ইঞ্জিন বন্ধ রাখা এবং নিজেদের গাড়ির পিইউসি (PUC) সার্টিফিকেট সহ প্রয়োজনীয় কাগজপত্র আপ-টু-ডেট রাখার জন্য। দিল্লির বিষাক্ত ধোঁয়াশার কবল থেকে নয়ডা-গ্রটার নয়ডার বাতাসকে রক্ষা করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে জেলা প্রশাসন।