রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবি খারিজ! বিবৃতি প্রকাশ করে আসল সত্য জানাল ভারতের বিদেশমন্ত্রক

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) করা ‘বড় দাবি’-র পরে অবশেষে মুখ খুলল ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রক বিবৃতি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিল, ভারতের আমদানি বাণিজ্যের মূল নীতি আমেরিকার চাপ নয়, বরং ভারতীয় নাগরিকদের জন্য স্থায়ী ও নির্দিষ্ট মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
বিদেশমন্ত্রকের স্পষ্ট বার্তা
ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) প্রতিক্রিয়া জানিয়েছে, “ভারত তেল ও গ্যাসের একটি উল্লেখযোগ্য আমদানিকারক। জ্বালানি বাজারের এই অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারা পরিচালিত।”
ভারত সরকারের তরফে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে যে, তাদের জ্বালানি নীতির দু’টি মূল লক্ষ্য হল—স্থিতিশীল জ্বালানির দাম এবং সরবরাহ নিশ্চিত করা। বিবৃতিতে জানানো হয়েছে, “এর মধ্যে রয়েছে আমাদের জ্বালানি উৎসের বিস্তৃত ভিত্তি তৈরি করা এবং বাজারের পরিস্থিতি পূরণের জন্য যথাযথভাবে বৈচিত্র্য আনা।”
এই মন্তব্যের মাধ্যমে বিদেশমন্ত্রক কার্যত ট্রাম্পের সেই দাবি খারিজ করে দিল, যেখানে তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।
ট্রাম্প আসলে কী দাবি করেছিলেন?
বুধবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদী তাঁকে আশ্বস্ত করেছেন যে “রাশিয়ার থেকে তাঁরা আর কোনও তেল কিনবেন না। তবে উনি এখনই সেটা করতে পারছেন না।” ট্রাম্পের এই মন্তব্যের পরই ভারতের আন্তর্জাতিক নীতি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
বিদেশমন্ত্রক অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের চেষ্টা চলছে বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বহু বছর ধরে আমাদের জ্বালানি ক্রয় সম্প্রসারণের চেষ্টা করে আসছি… বর্তমান প্রশাসন ভারতের সাথে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার আগ্রহ দেখিয়েছে। আলোচনা চলছে।”
বিদেশমন্ত্রকের এই বিবৃতি স্পষ্টভাবে বুঝিয়ে দিল যে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের মানুষের স্বার্থ দেখাই ভারতের বিদেশনীতির মূল মন্ত্র, কোনো দেশের চাপে নীতি পরিবর্তন নয়।