রাতের অন্ধকারে প্রাচীন শনি মন্দিরে বুলডোজার! বরেলায় তীব্র বিক্ষোভ, থানায় ঘেরাও

উত্তর প্রদেশের বরেলায় এক প্রাচীন শনি মন্দিরের বারান্দা ভেঙে ফেলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনের তরফে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে মন্দিরের সামনের অংশটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকালে বিষয়টি জানাজানি হতেই বহু মানুষ একত্রিত হয়ে সিবিগঞ্জ থানা ঘেরাও করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। জানা গিয়েছে, রবিবার রাতে অন্ধকারে মন্দিরের সামনের বারান্দাকে বেআইনি নির্মাণ আখ্যা দিয়ে তা ভেঙে ফেলা হয়।
এই ঘটনার প্রতিবাদে বরেলায় সক্রিয় একাধিক হিন্দু সংগঠন ক্ষোভে ফেটে পড়েছে। সোমবার সকালে বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস-এর পদাধিকারী এবং কর্মীরা সিবিগঞ্জ থানায় পৌঁছে বিক্ষোভ দেখান ও থানা ঘেরাও করেন। মন্দিরের কাঠামো ভাঙার নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তাঁরা। ধর্মীয় স্থানের সঙ্গে যুক্ত হওয়ায় পুলিশ ও প্রশাসনও বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরেলা শহরের পার্সাখেড়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার রোড নম্বর ১-এ অবস্থিত প্রাচীন শনিদেব মন্দিরের ঠিক সামনে একটি সোয়া ফ্যাক্টরি রয়েছে। দীর্ঘদিন ধরেই মন্দির কমিটি ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিবাদ চলতে থাকার মাঝেই রবিবার রাতে মন্দিরের সামনের বারান্দা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। অভিযোগ করা হয়েছে, উত্তর প্রদেশ রাজ্য শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ বা ইউপিসিডার আধিকারিক মনসুর কাটিয়ার ওই অংশটিকে অবৈধ নির্মাণ দাবি করে বুলডোজার চালানোর নির্দেশ দেন বা পদক্ষেপ নেন।
মাঝরাতে এমন অভিযানের ধরন ও সময় নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মন্দিরের সঙ্গে যুক্ত বারান্দা এভাবে ভেঙে ফেলায় তাঁদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত লেগেছে। বিক্ষোভের জেরে পরিস্থিতি খতিয়ে দেখতে এসপি সিটি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
এসপি সিটি চিরাগ জৈনের বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের বিষয়ে পুলিশকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি। মন্দিরের সংযুক্ত অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা সামনে আসার পরই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যে তথ্যগুলো উঠে আসবে, সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবুও ঘটনার পর থেকে এলাকাজুড়ে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে; স্থানীয়দের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার চেষ্টা করা হয়েছে।