রাতের অন্ধকারে এক ইমেলেই সব শেষ! এআই-এর দাপটে এবার কাদের ছাঁটাই করল অ্যামাজন?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে রেকর্ড অর্থ ঢালছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট অ্যামাজন। কিন্তু এই বিপুল বিনিয়োগের চরম মাশুল গুনতে হচ্ছে সাধারণ কর্মচারীদের। কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই বুধবার ভোরে এক ইমেলে অ্যামাজনের ডিভাইস বিভাগ থেকে একলপ্তে ২৫০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীদের একটি বড় অংশই সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে যুক্ত ছিলেন। উল্লেখ্য, অ্যামাজনের এই বিশেষ বিভাগটি জনপ্রিয় কিন্ডল ই-রিডার এবং ইকো স্মার্ট স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পণ্য তৈরির দায়িত্ব সামলায়।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট শেরি রবিনসন অভ্যন্তরীণ ইমেলে জানান, কর্মদক্ষতা বৃদ্ধি এবং বর্তমান কাঠামোর সামঞ্জস্য রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অ্যামাজনে এই ছাঁটাই নতুন নয়; এর আগে চলতি বছরেই ১৬,০০০ এবং গত বছর আরও ১৪,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল সংস্থাটি। অথচ অন্যদিকে চলতি বছরেই এআই পরিকাঠামো উন্নয়নে অ্যামাজনের বিনিয়োগ ২২০০০ কোটি ডলার ছুঁতে চলেছে। ড্রপবক্স থেকে শুরু করে মাইক্রোসফটের মতো টেক জায়ান্টগুলোতেও এখন এআই-এর দাপটে হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছেন, যা গোটা বিশ্বের আইটি খাতে চরম আশঙ্কা তৈরি করেছে।