রাজ্যে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক! ৩ সেপ্টেম্বর থেকে তিন দিনের মেগা স্বচ্ছতা অভিযান, কী নির্দেশ দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ায় উদ্বেগ প্রকাশ করে আগামী ৩ সেপ্টেম্বর থেকে তিন দিনের মেগা স্বচ্ছতা অভিযানের ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট বার্তা দিয়ে জানান, ডেঙ্গির মরশুম শুরু হওয়ায় এখন থেকেই প্রত্যেক নাগরিককে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। এর আগে এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই স্বাস্থ্য দফতরে বিশেষ বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী।

ডেঙ্গির মশার বংশবিস্তার রোধ করতে এই বিশেষ পদক্ষেপে একাধিক জায়গার ওপর কড়া নজরদারি চালানো হবে। আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর রাজ্যজুড়ে যে মেগা ড্রাইভ বা স্বচ্ছতা অভিযান শুরু হচ্ছে, তার আওতায় থাকছে স্কুল-কলেজ, আবাসন, অফিস, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, বিমানবন্দর, সরকারি দফতর এবং সমস্ত নির্মীয়মাণ এলাকা। কোথাও যাতে জল জমে না থাকে এবং আশপাশের পরিবেশ সম্পূর্ণ পরিষ্কার রাখা যায়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার ওপরও বিশেষ জোর দিয়েছেন মন্ত্রী। কারও শরীরে জ্বর বা ডেঙ্গির উপসর্গ দেখা দিলে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এই পরীক্ষার সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় ফলো-আপ কিট এবং সমস্ত চিকিৎসাগত পরিষেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ডেঙ্গির বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ে কেবল প্রশাসনের তৎপরতা নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।