‘রক্তপাত ঘটতে পারে’,-গর্জে উঠলেন বিলাওয়াল! তবে কি টুকরো হচ্ছে পাকিস্তান?

বালুচিস্তানের দীর্ঘদিনের স্বাধীনতার দাবি আর পাক অধিকৃত কাশ্মীরের অস্থিরতার মাঝেই এ বার নতুন করে উত্তপ্ত সিন্ধুদেশ। ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, এ বার বালুচিস্তান ও সিন্ধের হাতছাড়া হওয়ার জল্পনায় পাকিস্তানে কার্যত গৃহযুদ্ধের আবহ তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতিও যে কোনও মুহূর্তে হাতছাড়া হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে ভেঙে টুকরো হওয়ার মুখে ওয়াঘা সীমান্তের ওপারের দেশ।
সিন্ধ প্রদেশ ভাঙার প্রতিবাদে বিক্ষোভ
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন সিন্ধি সম্প্রদায়ের মানুষ। পাক সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে সিন্ধ প্রদেশ ভেঙে নতুন প্রদেশ গঠনের প্রস্তাবের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ পথে নেমেছেন। এর জেরে সিন্ধিদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সিন্ধি সংগঠন ‘জেয় সিন্ধ মুত্তাহিদা মহজ’ (JSMM) হুঁশিয়ারি দিয়েছে, মুনিরের এই প্রস্তাব কার্যকর করা হলে পঞ্জাব প্রদেশ স্তব্ধ করে দেওয়া হবে। বিক্ষোভকারীদের মুখে ‘সিন্ধুদেশ’-এর সমর্থনে স্লোগানও শোনা গিয়েছে। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পঞ্জাব অবরুদ্ধ হলে তা ইসলামাবাদের ওপর সরাসরি অর্থনৈতিক আঘাত হিসেবে দেখা হবে।
সিন্ধুর জাতীয়তাবাদী সংগঠনগুলির অভিযোগ, সেনাপ্রধান আসিম মুনির এবং পঞ্জাব-প্রভাবিত প্রশাসন পরিকল্পিতভাবে তাঁদের মাতৃভূমি বিভক্ত করার ষড়যন্ত্র করছে। আগামী দিনে আরও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। একই দিনে বিরোধী শিবিরের পাল্টা সমাবেশের কর্মসূচি থাকায় করাচিতে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়েছে।
করাচির রাস্তায় তীব্র বিক্ষোভ
এই উত্তেজনার সূত্রপাত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির একটি প্রস্তাব ঘিরে। আসিম মুনিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নকভি দেশে নতুন প্রদেশ গঠনের প্রস্তাব দেন, যা থেকেই সিন্ধ ভাগের আশঙ্কায় প্রতিবাদ শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয় যখন পাকিস্তান পিপলস পার্টির (PPP) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু ভাগের বিরোধিতা করেন। শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শরিক হলেও বিলাওয়াল স্পষ্ট জানিয়েছেন, সিন্ধুকে বিভক্ত করার কোনও চেষ্টা মেনে নেওয়া হবে না। তাঁর হুঁশিয়ারি, এমন সিদ্ধান্ত নেওয়া হলে সিন্ধুর মানুষ অস্ত্র হাতে তুলে নিতে পারেন এবং করাচি ও হায়দরাবাদে রক্তপাতের পরিস্থিতি তৈরি হতে পারে।
বর্তমানে পাকিস্তানে চারটি প্রদেশ রয়েছে। তবে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল প্রদেশের সংখ্যা বাড়িয়ে ১২ থেকে ১৫ করার কথা বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফ গত ২২ নভেম্বর জানান, নতুন প্রদেশ গঠন নিয়ে গণভোটের আলোচনা ২০২৬ সালের শেষ নাগাদ বাস্তব রূপ পেতে পারে।
সিন্ধুর বিভিন্ন শহরে বিক্ষোভ, রাস্তা অবরোধ
গত রবিবার অর্থাৎ ২২ নভেম্বর করাচিতে হাজার হাজার মানুষ লাল পতাকা হাতে মিছিল করেন। ‘জেয় সিন্ধ রাহবার কমিটি’ (JSRC)-র ব্যানারে আয়োজিত এই মিছিলে চারটি সিন্ধু জাতীয়তাবাদী সংগঠন যোগ দেয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেয় সিন্ধ মাহাজের চেয়ারম্যান রিয়াজ আলি চানদিও, নিয়াজ কালানি-সহ অন্যান্য নেতারা। শামিল হন আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও। বিক্ষোভের কারণে করাচির একাধিক রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখতে হয়।
আন্দোলনকারীদের দাবি, প্রদেশ ভাগ নিয়ে প্রস্তাবিত গণভোট আসলে পূর্বনির্ধারিত সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার কৌশল। তবে তাঁদের এই প্রতিবাদ উর্দুভাষী বা অন্য কোনও জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয় বলে স্পষ্ট জানিয়েছেন নেতারা।
পাকিস্তানি সাংবাদিক ও সমাজকর্মী ভিনগাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নতুন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল গঠনের বিরুদ্ধে সিন্ধুর জাতীয়তাবাদী দলগুলি আন্দোলনে নেমেছে। অতীতেও ইসলামাবাদ যখনই সিন্ধুর জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করেছে, তখনই সিন্ধুর মানুষ রুখে দাঁড়িয়েছেন এবং সিন্ধুকে ভাগ করার চেষ্টা ব্যর্থ করেছেন। করাচির পাশাপাশি হায়দরাবাদ, নওয়াবশাহ ও লারকানায় বিক্ষোভ হয়েছে। গত ২১ নভেম্বর দাদু জেলার মেহর শহরেও সিন্ধু ভাগের বিরোধিতায় সমাবেশ হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী আয়াজ লতিফ পালিজো ওই সমাবেশে বিপুল জনসমাগমকে সিন্ধুর ঐক্য ও রাজনৈতিক সচেতনতার বার্তা বলে অভিহিত করেছেন।
আসিম মুনিরের বিরুদ্ধে ক্ষোভ, পঞ্জাব অবরোধের হুঁশিয়ারি
সিন্ধু ভাগের বিরোধিতার পাশাপাশি পঞ্জাবের বিরুদ্ধে দীর্ঘদিনের অর্থনৈতিক বঞ্চনা ও রাজনৈতিক আধিপত্যের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী নেতারা। সংবাদসংস্থা ANI-এর প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনকারীদের দাবি, প্রশাসনিক পুনর্গঠনের প্রস্তাবকে হাতিয়ার করে সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা দুর্বল করার চেষ্টা করছে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের একাংশ। সিন্ধুর লক্ষ লক্ষ একর কৃষিজমি, উপকূলবর্তী দ্বীপ এবং তেল, গ্যাস ও কয়লার মতো প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ কায়েম করছে প্রশাসন।