বকেয়া ডিএ কি পাবেন গ্রান্ট-ইন-এইড কর্মীরা? মালহোত্রা কমিটির ঘাড়ে বল ঠেললেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে টানাপোড়েনের মধ্যেই গ্রান্ট-ইন-এইড কর্মচারী ও পেনশনারদের বকেয়া ডিএ পাওয়া না-পাওয়া ঘিরে তৈরি হয়েছে তীব্র জল্পনা। অভিযোগ, রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পেতে শুরু করলেও গ্রান্ট-ইন-এইড কর্মীদের হাতে এখনও পর্যন্ত কোনও টাকা পৌঁছায়নি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন, গ্রান্ট-ইন-এইড কর্মীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটির সিদ্ধান্ত মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই বিষয়ে রাজ্য সরকারের অবস্থান একেবারে স্পষ্ট। তাঁর দাবি, আগের মুখ্যমন্ত্রী যাওয়ার সময় কী নির্দেশ দিয়ে গিয়েছেন, সরকার তা ধরছে না; বরং সুপ্রিম কোর্টের নির্দেশ এবং আদালত নিযুক্ত কমিটির সুপারিশকেই মান্যতা দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাঁরা সরাসরি সরকারি কর্মী, তাঁদের বকেয়া ডিএ দেওয়ার বিষয়টিই মূলত সামনে এসেছে, আর গ্রান্ট-ইন-এইড কর্মীদের বিষয়ে মালহোত্রা কমিটি যা জানাবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা যুক্তি তুলে ধরেছে বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ। সংগঠনের সভাপতি শ্যামল কুমার মিত্র এক ভিডিও বার্তায় জানান, ২০১৬ সালে তাঁরা যখন মামলা করেছিলেন, তখন মামলার ভিত্তি ছিল রোপা (ROPA) ২০০৯। তাঁর দাবি, রোপা ২০০৯-এ যাঁদের AICPI মেনে ডিএ বা ডিআর পাওয়ার সংস্থান রাখা হয়েছিল, আইনগতভাবে গ্রান্ট-ইন-এইড কর্মী ও পেনশনাররাও সেই অধিকারের আওতায় পড়েন। ফলে সুপ্রিম কোর্টের রায় গ্রান্ট-ইন-এইডদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে মনে করছে মামলাকারী সংগঠন।

উল্লেখ্য, রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত কর্মীরাই গ্রান্ট-ইন-এইড হিসেবে পরিচিত। সরকার পোষিত বা অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশাপাশি পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড ও কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানের কর্মীরা এই তালিকায় পড়েন। বকেয়া ডিএ-র ভবিষ্যৎ নিয়ে যখন হাজার হাজার কর্মী ও পেনশনারের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন মালহোত্রা কমিটির পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে সকলে।