‘যতই দাও, পেট ভরে না’—মোদীর মন্তব্যের পাল্টা সুর চড়াল কংগ্রেস! প্রধানমন্ত্রীকে ‘হতাশ’ বলে তীব্র কটাক্ষ জয়রামের

শিল্প ও বাণিজ্য সংগঠন ফিকি (FICCI)-র মঞ্চে শিল্পপতিদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের পরই পাল্টা আক্রমণে নামল কংগ্রেস। প্রধানমন্ত্রীর “যতই দেওয়া হোক, আপনাদের পেট ভরবে না” মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ফিকি-র মঞ্চে দেওয়া ভাষণ থেকেই স্পষ্ট যে প্রধানমন্ত্রী অত্যন্ত “বিচলিত, হতাশ এবং চিন্তিত”। একই সঙ্গে দেশে কেন বেতন এবং বেসরকারি বিনিয়োগ বাড়ছে না, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে আত্মসমীক্ষা করার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা।
একটি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে গিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় প্রকাশিত কংগ্রেসের ইস্তাহার ‘ন্যায়পত্র’-এর প্রসঙ্গ তুলে ধরেন জয়রাম রমেশ। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ফিকি-র মঞ্চে যা যা বলেছেন, তার সবকটিই আসলে কংগ্রেসের ‘ন্যায়পত্র’-এর বক্তব্যেরই পুনরাবৃত্তি। জয়রাম বলেন, “২০১৪ সালের পর দেশে বেতন, কর্মসংস্থান বা বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পায়নি, বরং বৈষম্য বেড়েছে। কংগ্রেস যখন ‘ন্যায়পত্র’-এর মাধ্যমে অর্থনীতির এই চ্যালেঞ্জগুলি সামনে এনেছিল, তখন প্রধানমন্ত্রী এই ইস্তাহারকে ‘শহুরে নকশাল’ চিন্তাধারায় ভরা বলে কড়া সমালোচনা করেছিলেন।”
শিল্পমহলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে কংগ্রেস নেতার আরও অভিযোগ, প্রধানমন্ত্রী এখন বলছেন যে শিল্পের জন্য সবকিছু করা সত্ত্বেও শিল্পক্ষেত্র কর্মসংস্থান, বিনিয়োগ বা বেতন—কোনো কিছুই বাড়াচ্ছে না। জয়রামের কটাক্ষ, অতীতে কংগ্রেস এই একই প্রশ্ন তুললে তাদের বিরুদ্ধে দেশের ‘ওয়েলথ ক্রিয়েটর’ বা সম্পদ নির্মাতাদের অপমান ও অসম্মান করার অভিযোগ আনা হতো। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিজেই ঘাবড়ে গিয়ে সেই একই সুরে কথা বলছেন বলে দাবি করেছে কংগ্রেস।