মোদীর ২৫ বছরের শাসনকাল নিয়ে বিরাট উদ্যোগ নীতি আয়োগের! দেশজুড়ে শুরু হচ্ছে বিশেষ কর্মশালা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের আড়াই দশক পূর্তি উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিয়েছে নীতি আয়োগ (NITI Aayog)। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সুশাসনের নানা দিক এবং কাজের ধরন থেকে শিক্ষা নিতে পাঁচটি জাতীয় কর্মশালার একটি বিশেষ সিরিজ শুরু হতে চলেছে।

নীতি আয়োগের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, গত ২৫ বছরের এই জননেতৃত্বের মেয়াদ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। এর মূল উদ্দেশ্য হলো, প্রধানমন্ত্রী মোদীর এই বর্ণময় রাজনৈতিক সফরের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতাগুলি নিখুঁতভাবে নথিবদ্ধ করা এবং তা দেশের প্রাতিষ্ঠানিক পঠনপাঠন ও সাধারণ জ্ঞানের অংশে পরিণত করা।

উল্লেখ্য, ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় সেই পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর, ২০১৪ সালের মে মাসে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং বর্তমানে তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে নির্বাচিত কোনো সরকারের প্রধান হিসেবে এটিই সবচেয়ে দীর্ঘ টানা মেয়াদ।

নীতি আয়োগের এই উচ্চপর্যায়ের কর্মশালাগুলির মাধ্যমে সুশাসন, জনকল্যাণ এবং দেশের সামগ্রিক উন্নয়নের রূপরেখা কীভাবে সফলভাবে বাস্তবায়িত হয়েছে, তার একটি বিশদ দলিল তৈরি করা হবে। এই উদ্যোগ আগামী দিনে দেশের নীতিনির্ধারক, গবেষক, সিভিল সার্ভিস প্রার্থী এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।