মোদীকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের, বিচারক হিসেবে বেছে নিলেন আদানি বা ভাগবতকে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, এবার খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তাঁর ফোন ট্যাপ করার মারাত্মক অভিযোগ তুললেন কংগ্রেস নেতা। রাহুলের দাবি, তাঁর মোবাইল ফোনেই এমন সমস্ত অভিযোগের অকাট্য প্রমাণ রয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও সেই বিষয়ে পুরোপুরি অবগত।
শুক্রবার ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি’ সেশনে এমনটাই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তাঁর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী রাহুলকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করছেন যে তিনি বিদেশি শক্তির সাহায্য পাচ্ছেন, অন্যদিকে রাহুলের দাবি প্রধানমন্ত্রী নিজেই বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু এই দুই দাবির সপক্ষে প্রমাণ কোথায়?
এই প্রশ্নের জবাবে নিজের মোবাইল ফোনটি সামনে এনে রাহুল দাবি করেন, সমস্ত প্রমাণ তাঁর এই ফোনেই রয়েছে। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন যে তাঁর ফোনে কী তথ্য রয়েছে, কারণ তিনি নিজেই সেই ফোনে আড়ি পাতেন। রাহুল আরও বলেন, প্রধানমন্ত্রী যদি তাঁর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসেন, তবে দেশবাসী পরিষ্কার জানতে পারবেন আসল সত্যিটা কী। কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন, কে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত এবং কতদিন ধরে এমন সব কাজকর্ম চলছে, তা স্পষ্ট হয়ে যাবে।
দীর্ঘ বক্তৃতা নয়, মুখোমুখি প্রশ্নোত্তর চান রাহুল রাহুল গান্ধীর স্পষ্ট বক্তব্য, লম্বা চওড়া বক্তৃতা দেওয়ার দিন শেষ। তিনি চান প্রধানমন্ত্রী ও তিনি মুখোমুখি বসে সরাসরি প্রশ্ন উত্তর পর্ব করুন। দুপক্ষই একে অপরকে প্রশ্ন করবেন এবং নিজেদের বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরবেন। এই বিতর্কের বিচারক হিসেবে শিল্পপতি তথা আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি অথবা আরএসএস প্রধান মোহন ভাগবতকে রাখলেও তাঁর কোনো আপত্তি নেই বলে জানান তিনি। রাহুলের দাবি, মোদির সঙ্গে একবার এমন মুখোমুখি বিতর্ক হলেই প্রধানমন্ত্রীর পক্ষে পদে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
সংসদে মাইক বন্ধ করে দেওয়ার গুরুতর অভিযোগ সংসদের ভেতরে বিতর্ক না করে কেন তিনি বাইরে আলাদা মঞ্চে মুখোমুখি বিতর্কের দাবি তুলছেন? এই প্রশ্নের উত্তরে রাহুলের অভিযোগ, লোকসভায় তাঁকে কখনোই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দেওয়া হয় না। সুযোগ এলেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। যে সমস্ত স্পর্শকাতর বিষয় নিয়ে তিনি জনসমক্ষে বিতর্ক করতে চান, তার মধ্যে রয়েছে ভোট চুরির অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, চিনের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের বই এবং এপস্টিন বিতর্ক।
রাহুলের এই সমস্ত অভিযোগের পর ইতিমধ্যেই পালটা জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, স্রেফ শিরোনামে টিকে থাকার জন্যই এই ধরনের উসকানিমূলক মন্তব্য করেন রাহুল গান্ধী। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর আগে সংসদকেই যেকোনো আলোচনার উপযুক্ত মঞ্চ বলে উল্লেখ করেছিলেন। বিরোধী দলনেতা হিসেবে রাহুলকে সংসদে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলেছিলেন তিনি।