মেসিকে পিছনে ফেলে ঐতিহাসিক রেকর্ড! সর্বকালের সেরা ‘ব্যালন ডি’অর’ জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফুটবল বিশ্বে ফের একবার মুকুট উঠল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাথায়। চিরাচরিত প্রতিপক্ষ লিওনেল মেসিকে পিছনে ফেলে দিয়ে ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ (Ballon d’Or of all time) পুরস্কার জিতে নিলেন পর্তুগিজ মহাতারকা। ‘ফ্রান্স ফুটবল’-এর উদ্যোগে দীর্ঘ এক মাস ধরে চলা অনলাইন জনমত সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই এই অভাবনীয় স্বীকৃতি পেলেন আল নাসরের এই ফরোয়ার্ড। রোনাল্ডোর এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে তাঁর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
কী কারণে এই বিশেষ স্বীকৃতি?
ফ্রান্স ফুটবলের সমীক্ষায় রোনাল্ডোর এই সাফল্যের মূল ভিত্তি ছিল ২০০৭-০৮ মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে তাঁর অবিশ্বাস্য ও রূপকথার মতো পারফরম্যান্স। সেই মরসুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪২টি গোল করেছিলেন সিআর সেভেন। তাঁর একক নৈপুণ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগ এবং মর্যাদাপূর্ণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ম্যান ইউ। ওই দুর্দান্ত সাফল্যের পরই কেরিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ‘এক্স’ (টুইটার) হ্যান্ডলে রোনাল্ডোকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘২০০৮ থেকে অনন্তকাল। সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী পর্তুগালের। অভিনন্দন, অধিনায়ক!’
বর্ণময় কেরিয়ার ও ৫ বার ব্যালন ডি’অর জয়
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় কেরিয়ারে মোট পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন:
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড: ১ বার (২০০৮)
রিয়াল মাদ্রিদ: ৪ বার (২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭)
১,০০০ গোলের লক্ষ্যের দিকে ছুটছেন সিআর সেভেন
৪১ বছর বয়সেও রোনাল্ডোর শারীরিক ফিটনেস এবং গোলের খিদে ফুটবলবিশ্বকে অবাক করে চলেছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও একের পর এক আকাশছোঁয়া রেকর্ড গড়ে চলেছেন তিনি। পর্তুগালের হয়ে ইতিমধ্যে ২২৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৪৩। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের সর্বকালীন রেকর্ডও তাঁরই দখলে। বর্তমানে তাঁর সমস্ত নজর ক্যারিয়ারের ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার দিকে। ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ পুরস্কার তাঁর দীর্ঘ ও বর্ণময় ফুটবল জীবনে আরও এক বর্ণোজ্জ্বল অধযোগ যোগ করল।