মেলায় মদ্যপদের ঝামেলা থামাতে গিয়ে বুকে কনুইয়ের আঘাত! মালদায় প্রাণ গেল পুজো সম্পাদকের

মালদার হবিবপুর থানার অন্তর্গত ঋষিপুরের চাঁদপুর গ্রামে কার্তিক পুজোর মেলায় বিবাদ মেটাতে গিয়ে প্রাণ হারালেন পুজো কমিটির সম্পাদক চন্দন মণ্ডল (৫০)। বৃহস্পতিবার মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত চন্দন মণ্ডল স্থানীয়ভাবে বিজেপির মণ্ডল সহ-সভাপতি ও মণ্ডল সভাপতি হিসেবে পরিচিত ছিলেন এবং পেশায় একজন ডেকরেটরের ব্যবসায়ী ছিলেন। পুলিশ ইতিমধ্যে এক অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

হবিবপুরের ছয় মাথার কার্তিক পুজো মালদা ও আশপাশের জেলাগুলোতে বেশ পরিচিত। এই পুজোকে ঘিরে এলাকায় প্রায় ১৫ দিন ধরে মেলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মেলার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েকজন মদ্যপ যুবক নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। ক্রমে সেই বচসা হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি দেখে দুই গোষ্ঠীকে শান্ত করতে ও আলাদা করতে এগিয়ে যান চন্দন মণ্ডল। অভিযোগ, বিবাদ থামানোর চেষ্টার মাঝেই এক যুবক তাঁকে আঘাত করেন, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

চন্দন মণ্ডলকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুজো কমিটির অন্যান্য সদস্যরা দ্রুত মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জেলা পুলিশের এক আধিকারিক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আপাতত এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিবারের দাবি, চন্দন মণ্ডল আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছে না তদন্তকারী দল। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। অন্যদিকে, মৃতের ভাই স্বদেশ মণ্ডল জানান, রাতে ঝামেলার খবর পেয়ে দাদা পরিস্থিতি সামলাতে গিয়েছিলেন এবং সেই সময় আটক থাকা এক যুবক কনুই দিয়ে তাঁর বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত জানান এবং পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।