মাসে বাড়তে পারে ১৫,৪০০ টাকা! অষ্টম বেতন কমিশন নিয়ে কী অনুমান করল জেপি মর্গ্যান?

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় খবর। নতুন বেতন কাঠামো কার্যকর হতে দেরি হলে এককালীন বকেয়া বা অ্যারিয়ার্স বাবদ গড়ে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা পেতে পারেন একজন কর্মী বা পেনশনভোগী। এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা জেপি মর্গ্যান-এর একটি হিসাব-নিকাশে। সংস্থার অনুমান, অষ্টম বেতন কমিশনের আওতায় প্রায় ১.২ কোটি কর্মী ও পেনশনভোগীর জন্য কেন্দ্রীয় সরকারের মোট ব্যয় হতে পারে ৭.২ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ৪ লক্ষ কোটি টাকাই যেতে পারে বকেয়া মেটাতে। তবে এই অঙ্ক সরকারি ঘোষণা নয়, জেপি মর্গ্যান-এর অনুমান।

জেপি মর্গ্যান-এর হিসাব অনুযায়ী, অষ্টম বেতন কমিশনের আওতায় একজন উপভোক্তা মাসে গড়ে প্রায় ১৫,৪০০ টাকা অতিরিক্ত পেতে পারেন। সেই হিসাবে ২২ মাসের বকেয়া ধরলে মোট অ্যারিয়ার্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা। এই হিসাবের পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অনুমান। নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে, অথচ সংশোধিত বেতন দেওয়া শুরু হতে পারে ২০২৭ সালের নভেম্বর থেকে। অর্থাৎ, এই সময়ের মধ্যবর্তী বকেয়া হিসাব করেই তৈরি হয়েছে ৩.৪০ লক্ষ টাকার অঙ্ক। ২০২৮ ও ২০২৯ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের মোট ব্যয়ের এই হিসাব অনুযায়ী প্রায় ১.২ কোটি উপভোক্তার জন্য মোট ব্যয় ৭.২ লক্ষ কোটি টাকা, মোট বকেয়া ৪ লক্ষ কোটি টাকা, গড় মাসিক অতিরিক্ত অর্থ ১৫,৪০০ টাকা এবং গড় অ্যারিয়ার্স ৩.৪০ লক্ষ টাকা হতে পারে।

জেপি মর্গ্যান-এর অনুমান অনুযায়ী, বকেয়া টাকা দু’দফায় দেওয়া হতে পারে। ২০২৮ অর্থবর্ষে মোট বকেয়ার ৪০ শতাংশ অর্থাৎ প্রায় ১.৬ লক্ষ কোটি টাকা এবং ২০২৯ অর্থবর্ষে বাকি ৬০ শতাংশ অর্থাৎ প্রায় ২.৪ লক্ষ কোটি টাকা দেওয়া হতে পারে। তবে সরকার চাইলে আগের সপ্তম বেতন কমিশনের মতো এককালীনও বকেয়া মেটাতে পারে; সেক্ষেত্রে ২০২৮ অর্থবর্ষে প্রায় ৫ লক্ষ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান করা হয়েছে। এদিকে অষ্টম বেতন কমিশনের কার্যকর হওয়ার তারিখ যদি ১ জানুয়ারি ২০২৬-এর পরিবর্তে ১ জানুয়ারি ২০২৭ হয়, তাহলে মোট বকেয়ার পরিমাণ ৪ লক্ষ কোটি টাকা থেকে কমে প্রায় ১.৮ লক্ষ কোটি টাকা হতে পারে। আবার ডিএ ও অন্যান্য ভাতার বকেয়া না দেওয়া হলে মোট অ্যারিয়ার্স কমে প্রায় ৩ লক্ষ কোটি টাকা হতে পারে।

এখানে কর্মীদের একটি বিষয় মাথায় রাখা জরুরি যে ৩.৪০ লক্ষ টাকা কোনও সরকারি প্রতিশ্রুত অর্থ নয়। এটি জেপি মর্গ্যান-এর আর্থিক বিশ্লেষণ এবং সম্ভাব্য হিসাব। কেন্দ্রীয় সরকার এখনও অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত কার্যকর হওয়ার তারিখ, ফিটমেন্ট ফ্যাক্টর এবং বকেয়া মেটানোর পদ্ধতি ঘোষণা করেনি। কমিশনের সুপারিশ এবং সরকারের অনুমোদনের পরেই প্রকৃত বেতন বৃদ্ধি ও অ্যারিয়ার্সের অঙ্ক স্পষ্ট হবে, তাই আপাতত এই অঙ্ককে সম্ভাব্য অনুমান হিসেবেই দেখা উচিত।