গঙ্গাসাগর মেলায় এবার হেলিকপ্টার! ৬৬ শীর্ষ কর্তা ও সেনা নজরদারিতে মেগা বদল!

আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামাল দিতে নজিরবিহীন নিরাপত্তার বলয় তৈরি করছে রাজ্য সরকার। পালাবদলের পর প্রথম গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের রূপ দিতে এবং ‘জাতীয় মেলা’ হিসেবে প্রতিষ্ঠা করতে কোমর বেঁধে নেমেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেলা চলাকালীন সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে এসপি থেকে আইজি পদমর্যাদার মোট ৬৬ জন শীর্ষ পুলিশ আধিকারিক মোতায়েন থাকবেন। এর পাশাপাশি, অভিজ্ঞ তিনজন আইজি ও ন’জন ডিআইজি-কে নিয়ে একটি বিশেষ দল গড়েছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরে মেলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ বিভিন্ন দফতরের কর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আগামী দু’মাস প্রশাসনকে পুরোদমে সাগরমেলার প্রস্তুতি নিয়েই কাজ করতে হবে।
নিরাপত্তার স্বার্থে গোটা মেলা অঞ্চলকে কাকদ্বীপ-লট নম্বর আট, কচুবেড়িয়া এবং মূল মেলাপ্রাঙ্গণ— এই তিনটি জোনে ভাগ করা হচ্ছে। বিশেষ দলের তিন শীর্ষ আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠী, সুনীল চৌধুরী ও অর্ণব ঘোষকে এই তিনটি জোনের পৃথক দায়িত্বে রাখা হচ্ছে। সাগরমেলায় অতীতে ভিড় নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থাকা আধিকারিকদেরই এই দলে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, জলপথ, স্থলপথ ও আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে ভারতীয় সেনাবাহিনী। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিএসএফের সঙ্গেও দফায় দফায় বৈঠক সারছে নবান্ন। পুলিশি তৎপরতা বাড়াতে সম্প্রতি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। নির্দেশ দেওয়া হয়েছে, মেলা শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্তাদের অন্তত তিনবার এলাকা পরিদর্শন করতে হবে। সেই মতো বুধবার এলাকা ঘুরে দেখেছেন ডিআইজি (ট্রাফিক)। শুক্রবার আইজি (কোস্টাল)-এর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। চোরবাগানের ঘটনার কথা মাথায় রেখে পুণ্যার্থীদের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। মেলায় পুণ্যার্থীদের যে কোনও ধরনের হেনস্থা রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে।
পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে এই প্রথম কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালু হচ্ছে। বেহালা ও কলকাতা বিমানবন্দর থেকে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও নির্ধারিত ভাড়ায় এই পরিষেবা পাবেন। সাগরে প্রস্তুতি বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই পরিষেবার কথা ঘোষণা করেন। এছাড়া, জলপথে যাতায়াতের জন্য থাকছে ২০টি বড় বার্জ, যার প্রতিটিতে এক হাজারের বেশি মানুষ উঠতে পারবেন।
ভিড় সামাল দিতে মেলার পরিধি আরও ৩৮ একর বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই দেশের সব মুখ্যমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ এবং সব বিধানসভার অধ্যক্ষদের আমন্ত্রণ জানানো হয়েছে। মেলায় বিশিষ্ট ব্যক্তি ও ভিনরাজ্যের আধিকারিকদের কীর্তনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মঞ্চ। পাশাপাশি, মেলাকে পরিবেশবান্ধব ও দুর্ঘটনামুক্ত রাখতে প্রথমবার হোগলা পাতা ও প্লাস্টিক বর্জন করা হচ্ছে। প্রথাগত হোগলা ছাউনির বদলে পুণ্যার্থীদের থাকার জন্য তৈরি হচ্ছে আধুনিক ও মজবুত তাঁবু।