মালদহ কাণ্ডে সুপ্রিম কোর্টের নজিরবিহীন ভর্ৎসনা! বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার মিম নেতা

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লক। তালিকায় ব্যাপক গরমিল এবং কয়েক লক্ষ নাম বাদ পড়ার অভিযোগে গত বুধবার সাতজন বিচার বিভাগীয় আধিকারিককে প্রায় ৯ ঘণ্টা বিডিও অফিসে আটকে রাখে উন্মত্ত জনতা। এই ঘটনায় উস্কানি দেওয়ার মূল কারিগর হিসেবে অভিযুক্ত আইনজীবী তথা মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্য সরকারের কড়া সমালোচনা করে একে “অপরাধমূলক ব্যর্থতা” বলে অভিহিত করেছেন। আদালতের পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গ বর্তমানে “সবচেয়ে মেরুকৃত রাজ্য”, যেখানে রাজনীতি আদালতের কাজেও বাধা দিচ্ছে। সর্বোচ্চ আদালতের নির্দেশেই এই স্পর্শকাতর মামলার তদন্তভার এখন এনআইএ-র হাতে। পাশাপাশি, বিচারকদের নিরাপত্তায় তাঁদের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন।