মাত্র ৩ সপ্তাহে পরপর ৩ ঝড়! বঙ্গোপসাগরে ধেয়ে আসছে নতুন সাইক্লোন ‘অকওয়ান’, জারি লাল সতর্কতা

মাত্র তিন সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে ফের ঘনিয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়ের কালো মেঘ। পরপর দুটি সাইক্লোনের ধাক্কা সামলানোর আগেই এবার ধেয়ে আসছে তৃতীয় ঝড়, যার নাম দেওয়া হয়েছে ‘অকওয়ান’। এই নামটি প্রস্তাব করেছে ইরান। সম্ভাব্য এই দুর্যোগের মোকাবিলায় আগে থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে ওড়িশা সহ পূর্ব ভারতের উপকূলীয় রাজ্যগুলো।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই আরও ঘনীভূত হয়ে একটি শক্তিশালী সিস্টেমে পরিণত হয়েছে। এটি ওড়িশার গোপালপুর থেকে প্রায় ১,১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আবহাওয়া দফতরের নতুন বুলেটিন অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর এটি একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ১৭ নভেম্বরের মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে একটি গুরুতর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে।
চলতি মৌসুমে এই নিয়ে ওড়িশার ওপর পরপর তিনটি সাইক্লোনের ছায়া পড়তে চলেছে। এর আগে গত অক্টোবরে ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় দক্ষিণ ওড়িশার জেলাগুলোতে ব্যাপক তান্ডব চালিয়েছিল। এরপর চলতি মাসের শুরুতেই ‘মুরাসু’ নামের আরেকটি সিস্টেমের জেরে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি ও দুর্যোগ দেখা দেয়। সেই সমস্ত তিক্ত অভিজ্ঞতা এবং নদীর জলস্তর বেড়ে যাওয়ার স্মৃতি মাথায় রেখে এবার আর এক মুহূর্তও অতিরিক্ত সময় নষ্ট করতে চাইছে না প্রশাসন।
ওড়িশার বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, আবহাওয়া দফতর এখনও ঝড়ের নির্দিষ্ট ল্যান্ডফলের স্থান নিশ্চিত না করলেও পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সমস্ত জেলাকে আগে থেকেই অ্যালার্ট রাখা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রতিটি জেলায় চব্বিশ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। একই সঙ্গে এনডিআরএফ, ওড্রাফ এবং দমকল বাহিনীর কর্মীদের উদ্ধার ও ত্রাণ কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।
সমুদ্রের পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হওয়ার কারণে আগামী ১৬ নভেম্বরের মধ্যে সমস্ত মৎস্যজীবীকে নিরাপদে উপকূলে ফিরে আসার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্য দফতরকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যাতে ওই তারিখের পর কোনোভাবেই কোনো নৌকা বা ট্রলারকে সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া না হয়। সাইক্লোন অর্ণবের সময় যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে দক্ষিণ ওড়িশার জেলাগুলোতে এখন থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ প্রচার শুরু করে দিয়েছে প্রশাসন।