মমতা ও অভিষেকের ত্রিসীমানায় আর যাবেন না ব্রাত্য? বড় ইঙ্গিত দিলেন ঋতব্রত

প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সুরেই সুর মিলিয়ে নতুন রাজনৈতিক জল্পনা উসকে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার নেপথ্যে যে কেবল রাজনৈতিক সমীকরণ নয়, বরং গভীর মেধাচর্চা ও সাহিত্যচর্চাও কাজ করে, তা স্পষ্ট করেছেন তিনি। ঋতব্রতর দাবি, তৃণমূলে থাকার সময় বাংলা ও বিশ্বসাহিত্যের নানা জটিল বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে ব্রাত্য বসুই ছিলেন তাঁর একমাত্র ভরসা।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নোবেলে মনোনয়ন প্রসঙ্গ হোক বা বরিস পাস্তেরনাক, সিলভিয়া প্লাথ, জেমস জয়েস, ফেদেরিকো গার্সিয়া লোরকা এবং অস্কার ওয়াইল্ডের সাহিত্য—এসব বিষয়ে কথা বলার জন্য ব্রাত্য ছাড়া আর কারও কথা তিনি ভাবতে পারতেন না। পাশাপাশি মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডকে নিয়েও তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হতো বলে উল্লেখ করেন ঋতব্রত।
এই প্রসঙ্গেই নাম না করে প্রাক্তন দলের সতীর্থ ও নেতাদের তীব্র কটাক্ষ করেন ঋতব্রত। তিনি জানান, মন্ত্রী থাকাকালীন ব্রাত্য বসু জীবনানন্দ দাশের একটি পঙ্ক্তি অবলম্বনে ‘বেরিং তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল’ নামে একটি বই লিখেছিলেন। সেই বইয়ের নাম শুনে তৎকালীন কয়েকজন মন্ত্রী ও নেতা তা কী জিনিস, তা জানতে চেয়েছিলেন বলে দাবি করেন তিনি। ঋতব্রতর কথায়, যেখানে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্পপোস্ট, সেখানে ব্রাত্য বসুর ব্যবহৃত ভাষা অনেকের মাথার উপর দিয়ে যাবেই।
ভোটের পর ব্রাত্য বসুর রাজনীতির অন্তরালে থাকাকে ঋতব্রত ব্যাখ্যা করেছেন ‘ক্রীতদাসত্ব থেকে মুক্তি’ বা ‘রিলিভড’ হওয়ার অনুভূতি হিসেবে। তাঁর মতে, এই অবস্থান পরিবর্তন ব্রাত্যকে এক ধরনের স্বস্তি ও মুক্তিস্বাদ দিয়েছে, যা সাধারণ রাজনৈতিক হিসেবনিকেশের বাইরে আলাদা তাৎপর্য বহন করে।
সিলভিয়া প্লাথের বিখ্যাত উক্তি টেনে এনে ঋতব্রত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, ব্রাত্য রাজনীতিতে সক্রিয় থাকুন বা না থাকুন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর ভাইপোর ত্রিসীমানায় আর ভুলেও যাবেন না। আগামী দিনে ব্রাত্য বসুর রাজনৈতিক গতিপথ কী হতে পারে, সে বিষয়ে সরাসরি কোনও ঘোষণা না করলেও ঋতব্রত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।
তাঁর কথায়, রাজনীতি সম্ভাবনার শিল্প, এবং সামনের দিনে কী ঘটে তা দেখার অপেক্ষা রয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ঋতব্রতর এই মন্তব্য বাংলার রাজনীতিতে নতুন মেরুকরণ ও সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, যেখানে ব্রাত্য বসুর পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে সবার।