অক্সফোর্ডে যাওয়ার পথে বিমানবন্দরে আটক! সরকারকে তীব্র নিশানা সৌরভ দাসে

ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস সরকারের বিরুদ্ধে বিদেশযাত্রায় বাধা দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে ব্রিটেন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাতভর শোরগোল ফেলে দিয়েছেন সৌরভ।

NEET প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনায় উঠে এসেছিল ককরোচ জনতা পার্টি। পরবর্তীতে ভোটচুরির অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও রাজপথে নামে সংগঠনটি। সেই আন্দোলন ও টানাপোড়েনের মধ্যেই একসময় সৌরভকে কারাগারে যেতে হয়েছিল। এবার বিদেশযাত্রায় বাধার মুখে পড়ার অভিযোগ আনলেন তিনি।

সৌরভ দাসের বক্তব্য অনুযায়ী, দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১টার লন্ডনগামী বিমানে ওঠার কথা ছিল তাঁর। অক্সফোর্ডের ছাত্র সংসদের আমন্ত্রণে ককরোচদের আন্দোলন নিয়ে সেখানে বক্তৃতা দেওয়ার কথা ছিল। সময়মতো বিমানবন্দরে পৌঁছালেও ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ থাকার কথা জানানো হয় বলে দাবি করেন সৌরভ।

গভীর রাতে দিল্লি বিমানবন্দর থেকেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সৌরভ দাস। সেখানে তিনি অভিযোগ করেন যে, অক্সফোর্ডের ছাত্র সংসদ তাঁকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানালেও ইমিগ্রেশনে আটকে দিয়ে সরকার তাঁকে দেশের বাইরে যেতে বাধা দিয়েছে এবং এই পদক্ষেপকে তিনি কাপুরুষোচিত বলে অভিহিত করেন।

ভিডিও বার্তায় সৌরভ প্রশ্ন তোলেন, সরকার কেন এত ভয় পাচ্ছে। তাঁর কথায়, একজন শিক্ষিত যুবক বাইরে যাচ্ছিলেন, অথচ হাজার হাজার কোটি টাকা লুঠ করে বিজয় মাল্য, ললিত মোদি বা নীরব মোদির মতো হলে হয়তো যেতে দেওয়া হতো। তিনি আরও দাবি করেন, ভালো কাজ করতে দেওয়া হচ্ছে না এবং আন্দোলনে ভীত হয়েই পাসপোর্টে আঘাত হানা হচ্ছে, তবে এতে তাঁরা দমে যাবেন না।

পাশাপাশি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়েও কটাক্ষ করেন সৌরভ দাস। অন্যদিকে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও। তাঁর মন্তব্য, ব্যাঙ্ক লুঠ বা অর্থনৈতিক জালিয়াতি করলে সরকার অবশ্যই সৌরভকে লন্ডন যেতে দিত।