মন্ত্রিত্ব টিকবে কি? রাজ্যসভার প্রার্থী তালিকা থেকে আচমকাই বাদ পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী!

উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে ৮ জন প্রার্থীর নাম সংবলিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার প্রকাশিত এই তালিকায় একদিকে যেমন একাধিক নতুন মুখ ও হেভিওয়েটের জায়গা হয়েছে, তেমনই সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির অনুমোদিত এই তালিকায় মন্ত্রী ধরম পাল সিং-এর নাম রাখা হলেও, রাজ্যসভা থেকে মেয়াদ শেষ করে অবসর নিতে চলা হরদীপ সিং পুরীর নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, উত্তরপ্রদেশের এই আট প্রার্থী হলেন— ধরম পাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপী কৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রাম প্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গঙ্গওয়ার।
সামাজিক ও জাতিগত সমীকরণের ভারসাম্য দলীয় সূত্র মারফত জানা গেছে, আসন্ন নির্বাচনকে মাথায় রেখে সামাজিক, আঞ্চলিক এবং জাতিগত সমীকরণের কথা পুরোপুরি বিবেচনা করেই এই প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। এই আট প্রার্থীর মধ্যে তিনজন উচ্চবর্ণের (যাঁদের মধ্যে রাধাকান্ত ওঝা ও গোপী কৃষ্ণ পাণ্ডে দুজনেই ব্রাহ্মণ), দুজন মহিলা, তিনজন ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) এবং দুজন তপশিলি জাতি (এসসি) সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১২টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ১০টি ও উত্তরাখণ্ডের ১টি আসন এবং পশ্চিমবঙ্গের ১টি উপনির্বাচন। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বর্তমান সদস্যদের কার্যকাল আগামী ২৫ নভেম্বর শেষ হচ্ছে। এই তালিকায় হরদীপ সিং পুরীর নাম না থাকায়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই নানারকম জল্পনা শুরু হয়েছে।