ভোটার তালিকার ভুল সংশোধন করতে বাড়ি বাড়ি যাবেন BLO, কী জানাল নির্বাচন কমিশন?

ভোটার তালিকায় ভুল বা অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করে সংশোধনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR চলাকালীন ভোটার তালিকায় ভুল ও বিভ্রান্তিকর তথ্য থাকার অভিযোগ সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমান ভোটার তালিকার তথ্যের সঙ্গে SIR চলাকালীন সংগৃহীত তথ্য মিলিয়ে দেখতে হবে। ভোটারদের নাম, আত্মীয়দের নাম ও অন্যান্য বিবরণ, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ছবি খতিয়ে দেখে কোনও অসঙ্গতি ধরা পড়লে তা চিহ্নিত, যাচাই ও সংশোধনের ব্যবস্থা করতে হবে।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন BLO-রা

এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। সেখানে ভোটারদের দেওয়া তথ্য ও বিবরণ যাচাই করা হবে এবং প্রয়োজন হলে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা ফর্ম ৮ সংগ্রহ করবেন তাঁরা। এরপর আবেদনগুলো খতিয়ে দেখবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (AERO) এবং নির্ধারিত নিয়ম মেনে নিষ্পত্তি করবেন।

স্বয়ংক্রিয়ভাবে তথ্য বদল নয়, ৪ জানুয়ারি চূড়ান্ত তালিকা

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, শুধুমাত্র কোনও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার ভিত্তিতে ভোটারদের তথ্য পরিবর্তন করা হবে না। সংশোধনের আগে সরেজমিনে যাচাই বাধ্যতামূলক; কেবল ভোটারের স্বাক্ষরিত ফর্ম ৮ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও অনুমোদনের পরেই জনসংখ্যাগত বা ব্যক্তিগত বিবরণ সংশোধন কার্যকর হবে।

পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের ECINet প্ল্যাটফর্মের BLO, AERO ও ERO মডিউলের মাধ্যমে পরিচালিত হবে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নতুন নাম তোলা, নাম বাদ দেওয়া বা তথ্য সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে। আবেদন, দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে ২৮ ডিসেম্বরের মধ্যে এবং সমস্ত সংশোধনের পর আগামী ৪ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।