মহাকাশে ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, ডেটা সেন্টার গড়তে বড় ছাড় আমেরিকার

মহাকাশে ডেটা সেন্টার তৈরির পথে বড়সড় অনুমোদন পেল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। আমেরিকা সরকারের ফেডারেল কমিউনিকেশন্স কমিশন এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে। অনুমোদনের আওতায় মহাকাশে ডেটা সেন্টার গড়তে ১০ লক্ষ পর্যন্ত স্যাটেলাইট পাঠাতে পারবে স্পেসএক্স, এবং আপাতত ২০৪০ সাল পর্যন্ত এই প্রকল্প পরিচালনার লাইসেন্স তাদের হাতে থাকছে।
পৃথিবীতে ডেটা সেন্টার স্থাপন নিয়ে বাড়তে থাকা বিতর্কের মধ্যেই মহাকাশে ডেটা সেন্টার তৈরির প্রতিযোগিতা জোরদার হয়েছে। স্পেসএক্সের স্টারমাইন্ড কনস্টেলেশনের পাশাপাশি মহাকাশে ডেটা সেন্টার গড়তে আগ্রহী গুগলও, যাদের প্রকল্পের কোডনেম সানক্যাচার। জেফ বেজোসের ব্লু অরিজিনও এই দৌড়ে শামিল হয়েছে এবং প্রজেক্ট সানরাইজ নামের একটি প্রস্তাবনা পেশ করেছে।
পাশাপাশি একাধিক স্টার্টআপও এই ক্ষেত্রে এগিয়ে আসছে, যার মধ্যে রয়েছে স্টারক্লাউড। ২০২৫ সালের শেষ দিকে মহাকাশে কৃত্রিম উপগ্রহে অত্যাধুনিক জিপিইউ প্রসেসর চালিয়ে সাফল্য দেখিয়েছিল তারা, আর অক্টোবরে একই ধরনের সাফল্য অর্জন করে গুগল। তবে রকেট ব্যবস্থা ও শত শত সফল মহাকাশ অভিযানের অভিজ্ঞতার কারণে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পেসএক্স অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের অগাস্ট মাসেই মহাকাশে ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা সামনে এনেছিলেন মাস্ক। তিনি জানিয়েছিলেন, ২০২৭ সালের চতুর্থ ত্রৈমাসিকেই কক্ষপথে স্যাটেলাইট পাঠানো শুরু হবে এবং ২০২৮ সালের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে হাজার হাজার স্যাটেলাইট পৌঁছে যাবে। এই কাজের জন্য এনভিডিয়ার সঙ্গে চুক্তি করেছে স্পেসএক্স, যারা মহাকাশে কাজ করার উপযোগী ভেরা রুবিন প্রসেসর সরবরাহ করবে।
মহাকাশে ডেটা সেন্টারগুলোর কাঠামো মূলত পৃথিবীর নিম্নকক্ষে মোতায়েন করা বহু স্যাটেলাইটের সমন্বয়ে গঠিত হতে পারে। নির্ভরযোগ্য যোগাযোগ বজায় রাখতে স্যাটেলাইটগুলো পরস্পরের কাছাকাছি থাকবে। স্পেসএক্সের প্রস্তাবিত স্টারমাইন্ড ডেটা সেন্টারের স্যাটেলাইটগুলো স্টারলিংক নেটওয়ার্কের অংশ হিসেবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে এবং পৃথিবীতে ডেটা পাঠাবে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী কয়েকটি সংস্থা পৃথিবী থেকে ডেটা নিয়ে লেজারের মাধ্যমে তা আবার পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা করছে।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু প্রযুক্তিগত ও পরিবেশগত চ্যালেঞ্জ রয়েছে। মহাকাশে উচ্চমাত্রার বিকিরণ সহ্য করতে পারে এমন প্রসেসর তৈরি অন্যতম বড় চ্যালেঞ্জ, যেখানে এনভিডিয়া স্পেসএক্সকে সহায়তা করছে। এ ছাড়া চরম তাপমাত্রা, মহাজাগতিক বর্জ্য এবং উল্কাপিণ্ড বা গ্রহাণুর আঘাতের ঝুঁকিও রয়েছে। তবু পৃথিবীর তুলনায় মহাকাশে নিরবচ্ছিন্ন সৌরশক্তি পাওয়ার সুবিধা রয়েছে, যা পৃথিবীর সৌরশক্তি সংগ্রহ ব্যবস্থার চেয়ে আটগুণ বেশি কার্যকর বলে জানানো হয়েছে।