ব্যাঙ্কে রাখা সঞ্চয় আচমকা উদাও! গ্রেটার নয়ডায় ৩৫ কোটি টাকার বিশাল কেলেঙ্কারিতে চাঞ্চল্য!

ব্যাঙ্কে গচ্ছিত টাকা সবথেকে নিরাপদ—এই পরম ভরসাতেই সারাজীবনের কষ্টার্জিত সঞ্চয় গচ্ছিত রাখেন সাধারণ মানুষ। কিন্তু সেই জমানো টাকাই যদি অ্যাকাউন্ট থেকে আচমকা হাওয়া হয়ে যায়, তবে মানুষের ভরসা দাঁড়ায় কোথায়? ঠিক এমনই এক হাড়হিম করা জালিয়াতির ঘটনা সামনে এসেছে গ্রেটার নয়ডার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শাখায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) ওই শাখা থেকে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট মিলিয়ে প্রায় ৩৫ কোটি টাকা গায়েব হয়ে যাওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, সই বা অনুমতি ছাড়াই গায়েব হয়েছে কোটি কোটি টাকা।
ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ এবং অভিযুক্ত শাখা ম্যানেজারসহ একাধিক ব্যাঙ্ককর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়া একাধিক কৃষক। বিজেন্দ্র সিং নামে এক কৃষকের অ্যাকাউন্টে থাকা ৮৮ লক্ষ টাকার মধ্যে পড়ে রয়েছে মাত্র এক লক্ষ টাকা! অন্যদিকে, বীরোন্ডা গ্রামের চা-সমোসা বিক্রেতা সন্তোষের জেওর বিমানবন্দর প্রকল্পের ১.২৯ কোটি টাকার মধ্যে ১.১৮ কোটি টাকাই উধাও। হানিফ খান নামে অপর এক গ্রাহকের ৩৯ লক্ষ টাকা জিরো হয়ে গেছে। জাকির নামে আর এক ব্যক্তির ৯.৫ লক্ষ টাকা গায়েব হলেও ফোনে আসেনি কোনো লেনদেনের মেসেজ।
গ্রাহকদের সেভিংস ও এফডি উভয় অ্যাকাউন্ট থেকেই এই টাকা সরানো হয়েছে। পুলিশ বিটা-২ থানায় মামলা দায়ের করে জালিয়াতির মূল শিকড় খোঁজার চেষ্টা করছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও গ্রাহকরা তাঁদের কষ্টার্জিত সঞ্চয় আদৌ ফেরত পাবেন কি না, তা নিয়ে চরম সংশয় ও ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।