বোমাতঙ্কে কাঁপছে মায়ানগরী! খোদ অমিতাভ বচ্চনের ‘জলসা’-সহ উড়িয়ে দেওয়ার হুমকি বিমানবন্দরে

মুম্বই শহরে ফের দানা বেঁধেছে ভয়াবহ বোমাতঙ্ক। খোদ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বিখ্যাত বাসভবন ‘জলসা’, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেয়রের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই হুমকির পর থেকেই গোটা মুম্বইজুড়ে জারি হয়েছে হাই-অ্যালার্ট। নিরাপত্তা সংস্থা ও মুম্বই পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদেশে আত্মগোপন করে থাকা এক গ্যাংস্টারের সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন শার্পশূটারকে গ্রেফতারের পর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভ বচ্চনের কথিত একটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে নিশানা করার পরিকল্পনা করেছিল এই চক্রটি। তবে মেগাস্টার এই ধরনের কোনো মন্তব্য করার কথা বরাবরই অস্বীকার করে এসেছেন। দিল্লি পুলিশের স্পেশাল সেল বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। অমৃতসরে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধুর খুনের মামলায় এদের নাম জড়িয়েছিল। বিকাশ উত্তর ভারতের বিভিন্ন গ্যাংয়ের হয়ে অস্ত্র সরবরাহ ও রেইকি করার কাজে যুক্ত ছিল। তার সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের সংযোগও খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের দাবি, অমিতাভের বাড়িতে গুলি চালানোর ছক কষেছিল এই গ্যাংস্টাররা। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটির গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে।