“২০০০ টাকার ওষুধ মাত্র ২০০ টাকায়?”-রাজ্যে বড় স্বাস্থ্য-পরিষেবার ঘোষণা মুখ্যমন্ত্রীর!

যে ওষুধ কিনতে সাধারণ পরিবারের মাসে ২০০০ টাকা খরচ হয়, তা এ বার রাজ্যে মিলবে মাত্র ২০০ টাকায়। শুক্রবার দুর্গাপুরে মিশন হাসপাতাল এবং ক্যান্সার নিরাময় কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, গোটা রাজ্যে ৪৬৭টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ-সহ বিভিন্ন রোগের প্রয়োজনীয় ওষুধ কম খরচে এই কেন্দ্রগুলি থেকে পাওয়া যাবে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের সংখ্যা ৪৬৭ করা হবে। মার্চ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে, তার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। এই কেন্দ্রগুলি থেকে যদি কারও মাসে ২০০০ টাকার ওষুধ লাগে, তা লাগবে মাত্র ২০০ টাকা। এটি প্রধানমন্ত্রীর একটি বরদান।’

পাশাপাশি ক্যান্সার-সহ দুরারোগ্য ব্যাধির দামি ওষুধের জন্য রাজ্যে ১০০টি অমৃত সেন্টার চালুর কথাও জানান তিনি। এই কেন্দ্রগুলি থেকে ৫০ থেকে ৬০ শতাংশ ছাড়ে দামি ওষুধ মিলবে বলে জানান মুখ্যমন্ত্রী। জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট হাসপাতাল এবং সব মেডিক্যাল কলেজে এই পরিষেবা পাওয়া যাবে।

স্বাস্থ্য বিমা প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ দিতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যেই ৬ কোটির বেশি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হয়েছেন। যে ২ কোটির বেশি মানুষের আয়ুষ্মান প্রকল্পের ক্যাটাগরির সঙ্গে মিল নেই, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনা হয়েছে। সেখানেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলছে।

শুভেন্দু অধিকারী আরও জানান, আগের সরকারের সময়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের ১৭০০টি হাসপাতালে এই পরিষেবা মিলত। এ বার আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় দেশজুড়ে ৩৮ হাজার হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাচ্ছেন এ রাজ্যের বাসিন্দারা। পাশাপাশি কলকাতা, নিউটাউন, বিধাননগর, আসানসোল ও দুর্গাপুরের হাসপাতালগুলিতে যাতে গ্রেটার দিল্লি এলাকার রেটে পরিষেবা মেলে, সেই ব্যবস্থাও এই স্কিমের আওতায় করা হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘এটাই আসল পরিবর্তন, মুখের, নামের বা দলের নয়, ব্যবস্থার পরিবর্তন হয়েছে রাজ্যে।’